সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

প্রেমিক হেনস্তা ও মারধর করত, সায়নীর মৃত্যুতে মুখ খুললেন তাঁর মা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

প্রেমিক হেনস্তা ও মারধর করত, সায়নীর মৃত্যুতে মুখ খুললেন তাঁর মা

কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুতে সরগরম সামাজিক মাধ্যম। জানা গিয়েছিল মানসিক চাপে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এবার মুখ খুললেন তার মা। জানালেন প্রেমিকের হেনস্তা ও মারধরের কারণেই এমন পদক্ষেপ নেন সায়নী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের মৃত্যু মানতে পারছেন না সায়নীর মা। কী হয়েছিল জানতে চাইলে অভিযোগের আঙুল তোলেন সায়নীর প্রেমিকের দিকে। বলেন, “আমরা কিছুই বুঝতে পারিনি। আমার মেয়েকে সবাই চেনে। খুব হাসিখুশি। পশু-পাখি নিয়ে থাকতে ভালবাসত। সদ্য আইন নিয়ে স্নাতক হয়েছে। গত দুই দিনে কী হয়েছে,যতটুকু জানি, তার ভিত্তিতে আমরা থানায় অভিযোগ জানিয়েছি। তদন্ত চলছে। আমার মেয়েটা চলে গেল। ওকে মানসিক অত্যাচার করা হয়েছে।”


বিজ্ঞাপন


সায়নীর মায়ের কথায়, “আগের দিন রাতে আমার মেয়ে বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল। কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। ওকে ছেলেটি খুবই হেনস্থা করেছে। ওর বন্ধুদের থেকে জানতে পারছি এখন। ও কখনও আমাকে বলেনি।”

তিনি বলেন, “সে দিন রাতে বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে এমন কিছু ঘটেছিল হয়তো, তাই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। পরে ওর ফোনের চ্যাট ঘেঁটে বেশ কিছু তথ্য পেয়েছি। আমাদের পুলিশ এবং প্রশাসনের ওপর আস্থা আছে। আমার মেয়ে বিচার পাক, এটাই চাই। যা সঠিক, তা-ই যেন হয়। এই ঘটনার পর থেকে মেয়ের বয়ফ্রেন্ড ও তাঁর পরিবারের কেউ বাড়িতে নেই। কোনো দোষ না করলে কি কেউ বাড়ি থেকে পালিয়ে যায়?”

সায়নীর ওপর অত্যাচার চালাতেন তার প্রেমিক এরকম তথ্য দিয়ে মৃতের মা বলেন, “বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জেনেছি, ছেলেটি এই সম্পর্ককে পরে অস্বীকার করে। জানতে পেরেছি, আমার মেয়ের উপরে অত্যাচারও করেছে ছেলেটি। মারধর করত, মদ্যপান করত। আমাদের কাউকে কিছু বলেনি। কষ্ট করে মেয়েকে দাঁড় করিয়েছিলাম, সব ভাসিয়ে দিয়ে চলে গেল। পশুপাখি সবাই কাঁদছে ওর জন্য। আমি কী করে সামলাব, জানি না।” 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সায়নী জানিয়েছিলেন আইনে স্নাতক করেছেন তিনি। প্রকাশ করেছিলেন উচ্ছ্বাস। অনুরাগীদেরও খুশির কারণ হয়েছিল বিষয়টি। মুহূর্তেই তার চলে যাওয়ার খবরে তা রূপ নিল বিষাদে। 

সোশ্যাল মিডিয়ায় সায়নী পরিচিত ছিলেন গরু নিয়ে ভিডিও বানানোর জন্য৷ সুন্দরী নামের গরুকে কেন্দ্র করে মজার ভিডিও বানাতেন৷ পাশাপাশি প্রতিদিনকার সাজপোশাক, ছোট ছোট গল্পও শেয়ার করতেন৷ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর