‘দেবদাস’ সিনেমায় সৌন্দর্যের ছটা ও কোমরের দুলুনিতে মুগ্ধ করেন মাধুরী দীক্ষিত। পর্দার চন্দ্রমুখীর সে নাচ এখনও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। এদিকে সম্প্রতি ছড়ায়, ‘দেবদাস’-এ অভিনয়ের সময় গর্ভবতী ছিলেন মাধুরী। ক্যামেরায় নিজেকে মেলে ধরতে ভীষণ কষ্ট হতো তার।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন মাধুরী। জানিয়েছেন বিষয়টি একেবারেই মিথ্যা। ছবির ‘দোলা রে দোলা’ গানের শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না।
বিজ্ঞাপন
নায়িকা বলেন, “অরিনের জন্ম ২০০৩ সালে। তাই হিসাবটা আপনারাই করে নিন।” কেননা ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালের জুলাইয়ে। ছবিটির কাজ শুরু হয়েছিল ২০০০ সালে। শেষ হয়েছিল ২০০২ সালের এপ্রিল মাসে। আর মাধুরীর বড় পুত্র অরিনের জন্ম ২০০৩ সালের মার্চ মাসে।
মাধুরীর অন্তঃসত্ত্বা বিষয়ক গুঞ্জনটি ছড়ান সরোজ খানের প্রাক্তন সহযোগী রুবিনা খান। ত্যার দাবি, ছবির ‘দোলা রে দোলা’ গানের শুটিংয়ের সময়ে মাধুরী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং সেই কারণে তাঁর নাচতে অসুবিধা হচ্ছিল।
মাধুরী জানান, শুটিং কষ্টকর ছিল। তবে তা গর্ভজনিত কারণে না। তিনি বলেন, “সেই সময়ে বার বার দেশে ও বিদেশে যাওয়া-আসা করতে হচ্ছিল। পাশাপাশি, আমার বেশিরভাগ শুটিং রাতে হতো। তাই কাজটা খুবই ক্লান্তির ছিল। আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম, কিন্তু অন্তঃসত্ত্বা ছিলাম না।”
‘দেবদাস’ ছিল মাধুরীর মাতৃত্বকালীন ছুটির আগে করা শেষ বড় ছবি। এরপরই মাতৃত্বকালীন বিরতিতে যান তিনি। মাধুরীর স্বামী চিকিৎসক শ্রীরাম নেনে। ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।




