বিখ্যাত ব্যক্তিদের জীবন পর্দায় তুলতে জুড়ি নেই বলিউডের। মাঠের নায়ক থেকে পর্দার নায়কদের অনেকের বায়োপিক এরইমধ্যে মুক্তি পেয়েছে। এবার তালিকায় নাম উঠতে যাচ্ছে সালমান খানের।
তবে ভাবার অবকাশ নেই সালমানের বায়োপিক তৈরি হচ্ছে। কৃষ্ণসার হরিণ কম ভোগায়নি ভাইজানকে। দুটি কৃষ্ণসার হরিণ শিকার যেন সারাজীবনের কান্নায় রূপ নিয়েছে তার। এবার পর্দায় উঠে আসছে তা।
বিজ্ঞাপন
জনি ফায়ারফক্স মিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে এই ক্রাইম-থ্রিলার ও কোর্টরুম ড্রামা। নাম রাখা হয়েছে ‘কালা হিরন’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম পোস্টার। যদিও এ বিষয়ে কিছু বলেননি সালমান।
১৯৯৮ সালে সালমান খানের ওপর রাজস্থানের যোধপুরে ছবির শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সে সময় তিনি যোধপুরের কাছে মাথানিয়ার বাওয়াদে সুরজ বারজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং করছিলেন।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন সালমান খান। যোধপুর জেলার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরে সাজা ঘোষণা করেন। তবে ওই মামলায় অভিযুক্ত সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু, নীলম এবং দুষ্যন্ত সিংকে খালাস দেওয়া হয়।




