একইসঙ্গে একাধিক সম্পর্ক টেনে নেওয়াকে অনৈতিক মনে করেন অনেকে। তবে অভিনেত্রী সাহানা গোস্বামীর কাছে বিষয়টি স্বাভাবিক। বর্তমানে তিনি একাধিক সম্পর্কে আছেন। কারও কারও সঙ্গে শারীরিক, কারও সঙ্গে মানসিক। সেসব নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো নির্দিষ্ট সঙ্গী নেই। আমার জীবনে অনেক মানুষ আছেন, যাঁদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা ক্যাজ়ুয়াল না। আমার কাছে কোনো সম্পর্কই গুরুত্বহীন নয়। আমাদের সবার অনেক বন্ধু থাকে, আর প্রতিটি বন্ধুত্ব আলাদা হয়।’

সম্পর্ককে নির্দিষ্ট নামে বাঁধতে চান না সাহানা। তার কথায়, ‘আমার কাছে খোলামেলা সম্পর্ক মানে হলো, কারও সঙ্গে নির্দিষ্ট কোনো সম্পর্কের নাম নেই। কিন্তু দীর্ঘদিনের একটা বন্ধন ও যোগাযোগ থাকে, যা যে কোনো রূপ নিতে পারে।’
শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘কখনও শুধুই বন্ধুত্ব হয়, আবার কখনও শারীরিক সম্পর্কও হতে পারে। সেটাকে জোর করে কোনো নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার দরকার নেই। মূল বিষয় হলো, ভালবাসা আর বন্ধুত্ব।”

একাধিক সম্পর্কের ক্ষেত্রে কমিটমেন্টে বিশ্বাসী নন সাহানা। মন উঠে গেলে কাউকে জোর করে ধরে রাখার বা অভিযুক্ত করার পক্ষেও নন তিনি। বলেন, ‘আসলে এমনটা হয় না। আমি কারও সঙ্গে এমন করি না। কারণ, এই ধরনের সম্পর্ক হঠাৎ করে সহজে তৈরি হয় না।”
একইসঙ্গে একাধিক সম্পর্ক নিয়ে সমাজের নেতিবাচক ধারণাও মাথায় আছে সাহানার। এ নিয়ে বলেন, ‘আমাদের সমাজে এমন ধারণা গভীরভাবে গেঁথে গিয়েছে যে, ভালোবাসা মানেই একজন মানুষ সম্পূর্ণভাবে শুধু একজনেরই হয়ে থাকবে। তাই এর বাইরে অন্য ধরনের সম্পর্ক অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়।‘

তবে সাহানা মনে করেন চাইলেই ওপেন রিলেশনশিপে যাওয়া যায় না। বিস্তর পড়াশুনা করতে হয়ে। জানতে হয়ে নিজেকে। তার কথায়, ‘এখানে পৌঁছাতে হলে নিজের ওপর অনেক কাজ করতে হয়। বাইরে থেকে সহজ মনে হলেও নিজের হিংসা, নিরাপত্তাহীনতার সঙ্গে লড়াই করতে হয়।‘
সাহানা গোস্বামী বলিউডের চেনা মুখ। সাহসী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত তিনি। ‘রক অন’, ‘মিডনাইটস চিলড্রেন’, ‘ফিরাক’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। ওটিটিতেও সরব তিনি। দেখা গেছে ‘আ সুইটেবল বয়’, ‘বোম্বে বেগমস’ ওয়েব কনটেন্টে।




