ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্লেকস সেভেন’ এবং ‘ইস্টএন্ডার্স’ খ্যাত অভিনেতা মাইকেল কিটিং আর নেই। গত ২৬ এপ্রিল রোববার ডিমেনশিয়া রোগের সাথে দীর্ঘ লড়াই শেষে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
বৃহস্পতিবার (২১ মে) মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক বিবৃতিতে অভিনেতার এজেন্ট ড্যান আইরেসন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, মাইকেল কিটিং নিজ বাড়িতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের এডমন্টনে জন্ম নেওয়া মাইকেল কিটিং ষাটের দশকের শেষভাগ অভিনয় জগতে পা রাখেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ‘স্পেশাল ব্রাঞ্চ’, ‘মেরি-গো-রাউন্ড’, ‘অমনিবাস’, ‘দ্য ড্রাগনস অপোনেন্ট’ এবং জনপ্রিয় ব্রিটিশ সাই-ফাই ড্রামা ‘ডক্টর হু’-র মতো বেশ কিছু টেলিভিশন শো-তে অতিথি চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।
১৯৭৮ সালে বিবিসির মহাকাশভিত্তিক জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্লেকস সেভেন’-এ ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। পৃথিবী দখলকারী এক স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একদল বিদ্রোহীর ক্ষমতার লড়াই নিয়ে নির্মিত সিরিজে তিনি ‘ভিলা রেস্টাল’ নামের এক চোরের চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে বিবিসির দীর্ঘদিনের জনপ্রিয় সোপ অপেরা ‘ইস্টএন্ডার্স’-এ অভিনয় করে ফের প্রশংসিত হন।
তার প্রয়াণে শোক প্রকাশ করে ‘ব্লেকস সেভেন’-এর অডিও প্রযোজক পিটার আঙ্ঘেলিদেস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের রেকর্ডিংয়ের সময় তার কমিক টাইমিং দেখে আমি অডিও সোর্সারির কন্ট্রোল রুমের পেছনে বসে হাসিতে ফেটে পড়তাম। যখন আমরা প্রথম ফুল-কাস্ট অডিও ওয়ারশিপ রেকর্ড করি, তখন গ্রিন রুমে বসে তিনি রসিকতা করে প্রস্তাব দিয়েছিলেন যে তার পুরোনো সহকর্মী টিভি পরিচালক ও প্রযোজক ভেরে লরিমারের নামানুসারে একটি গ্রহের নাম ভেরে রাখা উচিত। পরে সেই আইডিয়াটি গোপনে একটি স্ক্রিপ্টে ঢুকিয়ে দিই, যা মাইকেলকে ভীষণ আনন্দ দিয়েছিল।’
অভিনেতার সাথে কাজের অভিজ্ঞতা ভাগ করে প্রযোজক আরও বলেন, ‘মাইকেলের সাথে কাজ করাটা কতটা আনন্দের ছিল! স্টুডিওর দিনগুলোতে তার প্রফুল্ল উপস্থিতি সবসময় স্মরণ করার মতো।’
ইএইচ/




