বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

আগামীকাল মুক্তি পাচ্ছে হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

আগামীকাল মুক্তি পাচ্ছেন হাসান জাহাঙ্গীর-মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে সিনেমাটি মুক্তিতে বাধা নেই। জানিয়েছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন হাসান জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘‘আগামীকালই মুক্তি দিচ্ছি ছবিটি। যেহেতু আমার ৫০টি সিনেমা হল বুকিং দেওয়া আছে অতএব দেরি করতে চাচ্ছি না। শুক্রবার থেকেই হলে দেখা যাবে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।’’


বিজ্ঞাপন


এ সময় হাসান জাহাঙ্গীর বলেন, ‘সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রচারণায় আর্থিক ব্যয় হয়েছে। মুক্তি বিলম্বে বেশ লোকসান হলো। অযথা আমার সিনেমাটি নিয়ে হেনস্তা করা হলো। আমি সিনেমাটি দেশের বাইরে শুটিং করেছি। মন্ত্রণালয় থেকে নেওয়া অনুমতি পত্রে সেখানে সিনেমা হিসেবে উল্লেখ আছে। অযথা নাটকের অভিযোগ আনা হলো!’ 

সিনেমাটির মুক্তির কথা ছিল গত শুক্রবার। তবে ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

সে সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া এ–সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ১৩ মের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান জাহাঙ্গীর ১৯ মে রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর