রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

কান চলচ্চিত্র উৎসবে পাম দ’র পেলেন জন ট্রাভোল্টা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

কান চলচ্চিত্র উৎসবে পাম দ’র পেলেন জন ট্রাভোল্টা

২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননাস্বরূপ সম্মানসূচক পাম দ’র (Palme d'Or) পেলেন হলিউড তারকা জন ট্রাভোল্টা। পরিচালক হিসেবে নিজের প্রথম চলচ্চিত্র ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের ঠিক আগে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। কান কর্তৃপক্ষের এই চমকে আবেগাপ্লুত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। পুরস্কার হাতে নিয়ে জন বলেন, ‘এটি অস্কারের চেয়েও বড়।’

দর্শকদের তুমুল করতালির মধ্যে ফরাসি ভাষায় নিজের আবেগ প্রকাশ করে ট্রাভোল্টা চিৎকার করে বলেন, ‘কমপ্লিটলি সারপ্রাইজ! আমি এটা বিশ্বাসই করতে পারছি না। এটি আমি কখনো আশা করিনি।’

image

কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোর দিকে তাকিয়ে ট্রাভোল্টা বলেন, ‘তুমি বলেছিলে আজকের রাতটি বিশেষ হতে যাচ্ছে, কিন্তু এর মানে যে এটা হবে তা আমি জানতাম না।’ জবাবে ফ্রেমো বলেন, ‘আমরা জানতাম।’

এ তারকা আরও বলেন, ‘গত নভেম্বরে যখন তোমার (কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো) সাথে আমার দেখা হয়েছিল, তখন আমার সিনেমাটি যে এখানে জায়গা পাবে—এমন কোনো আশাই ছিল না। পরবর্তীতে থিয়েরি যখন আমাকে জানালেন সিনেমাটি নির্বাচিত হয়েছে, আমি তখন শিশুর মতো কেঁদেছিলাম। কারণ, আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কান উৎসবে আসতে পেরেই খুশি ছিলাম! এই সম্মাননা কখনোই আশা করিনি।’

image

অস্কারে দুবার সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া এ অভিনেতা কানে এসেছিলেন তাঁর ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ সিনেমাটির প্রিমিয়ার করতে। এটি ১৯৯৭ সালে প্রকাশিত তাঁর শিশুতোষ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত। সিনেমার গল্প জেফ নামের এক কিশোরকে নিয়ে, যে প্লেন ভালোবাসে। সে আর তার মা (কেলি এভিস্টন-কুইনেট) মিলে পুরো দেশ পাড়ি দিয়ে হলিউডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সিনেমায় জন ট্রাভোল্টার মেয়ে এলা ব্লু ট্রাভোল্টা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

উৎসব শুরুর আগে কান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, এবারের উদ্বোধনী ও সমাপনী রাতে যথাক্রমে পিটার জ্যাকসন এবং বারবারা স্ট্রেইস্যান্ডকে সম্মানসূচক পাম দ’র দেওয়া হবে। গত বছর থেকে অন্তত একটি সারপ্রাইজ সম্মানসূচক পাম দ’র দেওয়ার রেওয়াজ তৈরি করেছে কান কর্তৃপক্ষ। গত বছর ‘হাইয়েস্ট ২ লোয়েস্ট’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে ডেনজেল ওয়াশিংটনকে একইভাবে চমকে দিয়ে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর