অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সার্টিফিকেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এতে সন্তুষ্ট ওমর সানী জেবাকে দিলেন ধন্যবাদ। সেইসঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তিতে জুড়ে দিলেন শর্ত।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক থেকে দেওয়া এক ভিডিওবার্তায় সিঙ্গাপুরে অবস্থানরত ওমর সানী বলেন, আপনারা জানেন কন্ট্রাক্ট ম্যারেজ একটি খণ্ডকালীন নাটক। আপনারা এও জানেন যে বিদেশে অনুরোধের ঢেকি গিলতে গিয়ে কাজটি করা মৌসুমীর ভুল হয়েছে। সেটার সুযোগে নাটকটিকে ছবিতে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে। আমি জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই। সে আদালতের মাধ্যমে এটা বন্ধ করেছে।
বিজ্ঞাপন
এরপর বলেন, আপনারা যারা এ ধরনের অপকর্ম করার সাহস অর্জন করছেন তারা সাবধান হয়ে যান। নাটক চলচ্চিত্রের জন্য নয়, চলচ্চিত্রের ফুটেজ নাটকের জন্য নয়। আমি মনে করি এরকম গার্বেজ মার্কা কাজ নাটক হিসেবেই যেন মুক্তি পায়। ছবি আকারে যেন সিনেমা হলের পরিবেশ নষ্ট না করে। আমি বিশ্বাস করি যথেষ্ট পরিমাণ অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে মৌসুমীর একটি ভুল হয়েছে। সেজন্য আমি দুঃখিত। ক্ষমা চেয়ে নিচ্ছি। সেইসঙ্গে সানী জানান, কাজটি অনুরোধের ঢেঁকি গিলতে গিয়েই করা হয়েছে।
এদিকে সেন্সর সাময়িক স্থগিত করায় লাইভে এসে গতকাল বুধবার হাসান জাহাঙ্গীর বলেছিলেন, ‘৬৮ হাজার গ্রাম-বাংলার মানুষের কথা চিন্তা করে, তরুণ সমাজ ও প্রবাসীদের কথা ভেবে সুন্দর একটি গল্পের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণ করেছি। ১৫ মে সিনেমাটি মুক্তির প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ করেই এটি সাময়িক স্থগিত করা হয়েছে। আমার সিনেমা কিন্তু সেন্সর বোর্ড বাতিল করেনি, সাময়িক স্থগিত করেছে। কেউ ভুল তথ্য দেবেন না। বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না।’
ছবিটি মুক্তির জন্য আইনি পথে হাঁটবেন জানিয়ে তিনি বলেছিলেন, ‘এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল কাগজ হাতে পাইনি। কাগজ পেলেই আমি হাইকোর্টে যাব। আইনের প্রতি আমার আস্থা আছে।’




