বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ঈদ উপলক্ষে আসছে নিশোর সিনেমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

ঈদ উপলক্ষে আসছে নিশোর সিনেমা 

ঈদুল ফিতরের পর ঈদুল আজহাও দমদার হতে চলেছে দর্শকদের জন্য। কারণ আসছে ঈদ উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দম’। ১৩ মে বেলা ১ টায় চরকির ভেরিফয়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। ঘোষণার পর থেকেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা শুরু হয়েছে। দেশে বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি, চলছে এখনও। প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটিক অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির মুক্তির ঘোষণা দর্শকদের সিনেমাটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ২০ মে রাত ১২টা (২১ মে, বাংলাদেশ সময়) থেকে দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। তারা বলতে চাইছেন, এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘দেশে থাকাকালীন অনেক চেষ্টা করে দেখতে পারিনি এখন অপেক্ষায় রইলাম’।    

dom_20260301_144930847_(1)

রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে স্বীকার করেছেন ‘দম’ সিনেমাটি নির্মাণের মুন্সিয়ানার কথা। তারা বলতে চেয়েছেন বাংলা চলচ্চিত্রের মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে সিনেমাটি। দর্শকদের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে তা হলো এর কারিগরি দক্ষতা। দর্শকরা মুগ্ধ হয়ে জানিয়েছেন, এমন অসাধারণ এবং উন্নত মানের ভিস্যুয়াল তারা বাংলা সিনেমায় দেখেননি। সিনেমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্সের কাজ এতটাই উপভোগ্য ছিল যে, বড় পর্দায় সিনেমাটি দেখার অভিজ্ঞতাকে অনেকে হলিউড সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের তথ্যমতে, ‘দম’ এখন পর্যন্ত বক্স অফিসে এ বছরের হায়েস্ট ওপেনার, অর্থাৎ প্রথম সপ্তাহের টিকিট বিক্রিতে সবচেয়ে এগিয়ে ছিল সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে ‘দম’ বিদেশের মাটিতেও সাফল্য দেখিয়েছে। সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর সেখানে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। আমেরিকাতে প্রথম সপ্তাহে ৭টি প্রেক্ষাগৃহ প্রদর্শিত হয় ‘দম’। দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দর্শক চাহিদায় প্রদর্শিত হয় ৫০টি প্রেক্ষাগৃহে। সেখানে থাকা দর্শকরা জানিয়েছেন, বিদেশের মাটিতে বসে দেশের এমন উচ্চমানের একটি সিনেমা দেখতে পারা তাদের জন্য গর্বের বিষয়। 

Domm_First_Look_(5)_(1)_20260416_132125176

সিনেমার গল্প এবং প্রতিটি চরিত্রের অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। অনেক দর্শক সিনেমাটি দেখেছেন, কিন্তু এখনও অনেক দর্শক সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন। নানা রকম ব্যস্ততা বা ভৌগোলিক দূরত্বের কারণে সিনেমাটি দেখতে পারেননি অনেকে। তাদের জন্য চরকির এই ঘোষণা বড় পাওয়া হিসেবে এসেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ যেকোনো সময় এই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। সিনেমাটির পরিচালক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘‘আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশ–বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদ উপলক্ষে চরকি তার দর্শকদের বড় কিছু দেয়ার চেষ্টা করে। তাদের জন্য ‘দম’ সিনেমাটি সেই উপহার। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ’দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার।”

image_20260322_133958830

এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাঁধা থাকছে না। চরকিতে যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।’

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ'। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর