রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাত নিয়েও ছেলেকে নিতে স্কুলে গিয়েছিলেন তৌসিফের মা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১০:১২ পিএম

শেয়ার করুন:

ছিনতাইকারীর ছুরিকাঘাত নিয়েও ছেলেকে নিতে স্কুলে গিয়েছিলেন তৌসিফের মা

আজ ১০ মে সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে মায়ের গল্প বলার খেরোখাতা। মা দিবসে কেউ মৃত মায়ের জন্য শোক করছেন আবার কেউ জীবিত মাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন ভালোবাসায়। বিশ্ব মা দিবসে মাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৯৮-৯৯ সালের এক শীতের সন্ধ্যার ঘটনা। তখন তিনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। সাধারণত ছুটির পর তার বাবা বা খালু তাকে নিতে আসতেন। কিন্তু সেদিন সন্ধ্যা ৬টা পেরিয়ে গেলেও কেউ না আসেনি। তখন তিনি একা স্কুলের দারোয়ানের রুমে বসে ছিলেন।


বিজ্ঞাপন


তৌসিফ বলেন, ‘হঠাৎ একটা রিকশার বেল! দারোয়ান বললো যে আমার মা আমাকে নিতে এসেছে। আমি মাকে দেখে প্রচণ্ড অবাক হলাম আর কোনো কিছু খেয়াল না করে মায়ের ওপর রাগ ঝাড়তে শুরু করে দিলাম। তখন রিকশাওয়ালা আমাকে থামিয়ে দিয়ে বললো, আমার মায়ের পেটে ছিনতাইকারীরা ছুরি মেরে তার কাছে যা ছিল সবই নিয়ে গেছে!’

tausif

তিনি আরও যোগ করেন, “আমার মা রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য কাউকে না ডেকে, কোনো হাসপাতালে না গিয়ে আমার স্কুলে চলে আসলো। এটা ভেবে যে, ‘আমার স্কুল অনেক আগেই ছুটি হয়েছে। আমি এতক্ষণ কীভাবে থাকবো।’ আমি থ হয়ে তাকিয়ে রইলাম!”


বিজ্ঞাপন


নিজের সফলতার পেছনে মায়ের অবদানের কথা উল্লেখ করে এ অভিনেতা বলেন, ‘আমার মায়ের অক্লান্ত পরিশ্রম আর অবদানের ফলে আপনারা যে আমাকে চেনেন, সেই আজকের আমি হয়ে উঠতে পেরেছি। আমি জানি না এসবের প্রতিদান আমি কীভাবে দিবো, তবে আমি এটুকু জানি আমি আমার মা'কে প্রচণ্ড ভালোবাসি।’

পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৌসিফ বলেন, পৃথিবীর প্রতিটি মা-ই তাদের সন্তানদের জন্য অবর্ণনীয় ত্যাগ স্বীকার করেন। তিনি আল্লাহর কাছে সকল মায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। একইসঙ্গে যারা পরলোকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর