বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব। পায়ের হাড় ফেটে গেছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গেল মাসের শেষের দিকে দুর্ঘটনাটি ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অভিনেতা। উঁচু থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। বডি ডাবল ছাড়াই কাজটি করেন রাহুল। সেখানেই বাঁধে বিপত্তি।
বিজ্ঞাপন
রাহুল বলেন, ‘বিপত্তি সেখানেই। উঁচু থেকে লাফ দিয়ে একটি কুশনের ওপর পড়ার কথা। আমি ঠিকই লাফিয়েছি। কুশনের ওপর পড়তেই সেটি সরে যায়। সঙ্গে সঙ্গে পা পিছলে যায়। ঘুরে যায় বাঁ পায়ের গোড়ালি।’
তৎক্ষণাৎ অভিনেতা বুঝতে পারেননি ঘটনার ভয়াবহতা। ওই অবস্থায় শুটিং শেষ করেন। দুই দিন পর ‘এক্স রে’ করলে চিকিৎসক জানান, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পা প্লাস্টার করে দিয়েছেন চিকিৎসক।
এরমধ্যেও স্বস্তির নিশ্বাস ফেলছেন অভিনেতা। কাজটি শেষ হওয়ায় তার জন্য কাউকে ভুগতে হচ্ছে না বলে মনে করছেন তিনি। অভিনেতা লিভ ইন করছেন মুগ্ধা গডসেক। তিনিই দেখভাল করছেন বলে জানান।




