বাংলা সংগীত জগতের ধ্রুবতারা সুবীর নন্দীর জন্মদিন আজ। চার দশকের বর্ণিল ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান ‘কত যে তোমাকে বেসেছি ভালো’। গানটির পেছনে রয়েছে এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প।
বিজ্ঞাপন
মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী ‘কত যে তোমাকে বেসেছি ভালো’-এর রেকর্ডিংয়ের সময় ঘটে যাওয়া সেই অজানা তথ্য ফাঁস করেন। ‘উসিলা’ সিনেমার জনপ্রিয় এ গানটির রেকর্ড করতে টানা ৩৯ বার টেক দিতে হয়েছিল।

শিল্পী জানান, রেকর্ডিংয়ের দিন সকাল ১০টা থেকে কাজ শুরু হয়। তখনকার দিনে বর্তমান সময়ের মতো রেকর্ডিং ব্যবস্থা এত উন্নত ছিল না। ফলে এক টেকেই নির্ভুলভাবে গান শেষ করতে হতো। গানের মাঝপথে কোথাও সামান্য কোনো শব্দ হলে কিংবা শিল্পীর শ্বাস নিতে সমস্যা হলে অথবা উচ্চারণ ও আবেগের সামান্য ত্রুটি থাকলে পুরো রেকর্ডিং বাতিল করে দিয়ে পুনরায় গাইতে হতো।
‘কত যে তোমাকে বেসেছি ভালো’- গানটি গাইতে গাইতে সুবীর নন্দী প্রায় ৩৮ বার চেষ্টা করেন। গায়কের কথায়, “৩৮বার টেক দেওয়ার পর রেকর্ডিংয়ের দায়িত্বে থাকা মনির হঠাৎ করে রেগে উঠে বললেন, ‘ছেলেটা তো মারা যাবে। এরপর তিনি বললেন, ‘একাবারেই শেষ করতে হবে। না হলে পরদিন। আমার কাছে এসে বললেন, সুবীর তোমার মতো করে গাও।’ আমিও সাহস নিয়ে মাইক্রোফোনের সামনে দাড়ালাম। ৩৯ বারের মাথায় গিয়ে গানটি সঠিকভাবে রেকর্ড হয়ে গেল।”

উল্লেখ্য, গানের গীতিকার নজরুল ইসলাম বাবু এবং সুরকার আলী হোসেন।
ইএইচ/




