বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

৭ বছর পর আসছে সুবীর নন্দীর নতুন গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম

শেয়ার করুন:

৭ বছর পর আসছে সুবীর নন্দীর নতুন

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুর অর্ধযুগেরও বেশি সময় পর আসছে অপ্রকাশিত একগুচ্ছ গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সুর সংগীতে মোট ১১টি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে গুনগুলো মুক্তি দেওয়া হচ্ছে। 

এবারের গানটি লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে। একই সাথে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। 


বিজ্ঞাপন


গীতিকবি জাহিদ আকবর বলেন, ‘তানভীরের সুরে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। এই গানটি যে সুবীর দার কণ্ঠে ধারণ করা হয়েছে তা আমার জানাও ছিলো না। আমি ভেবেছি গানটি পরে আর রেকর্ড হয়নি। কিন্তু এতদিন পর সুবীর দার কণ্ঠে আমার এই গানটি শুনতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। আমি মনে করি শ্রোতারাও একইভাবে এই গানের মুগ্ধতা নিতে চাইবে বারবার।’

গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সুবীর দার সাথে এই গানগুলোর প্রজেক্ট আমার জীবনের অমূল্য স্মৃতির মতো। গানগুলো আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই অ্যাকুস্টিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে। যেমন এই গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। গানটির কথাগুলো অসাধারণ। সুবীরদার কণ্ঠ নিয়ে তো বলার কিছু নেই। আমি মনে করি রিলস/টিকটকের এই যুগে এখনও কিছু শ্রোতা রয়েছেন, যারা মেলোডিতে মগ্ন থাকতে চান। এই গানটা তাদের জন্য।’


বিজ্ঞাপন



গানটি ঢাকার কোলাহল স্টুডিও, কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে ধারণ ও এর মিক্স মাস্টারিংয়ের কাজ করা হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে।

তানভীর তারেক জানান, ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় যমুনা টিভির লাইভ অনুষ্ঠানে গানটির লিরিক ভিডিও প্রকাশ হবে। আর মিউজিক ভিডিও প্রকাশ হবে আসছে রোজার ঈদে।

উল্লেখ্য, কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে মারা যান। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন এবং ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হয়েছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর