বিশ্বজুড়ে রমরমা ব্যবসা করছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। দ্রুত সময়ের সর্বোচ্চ আয়কারী সিনেমা এটি। ছবি মুক্তির পর মাইকেলের সত্তোর ও আশির দশকের জনপ্রিয় গানগুলোকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
‘বিট ইট’, ‘বিলি জিন’, ‘ব্যাড’ এবং ‘থ্রিলার’-এর মতো কালজয়ী গানের হাত ধরে মৃত্যুর ১৭ বছর পর আবারও নিজের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন তিনি! হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে পেছনে ফেলেছেন জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবার ও কে-পপ ব্যান্ড বিটিএসকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, তথ্য বিশ্লেষণকারী সংস্থা কোয়র্ব প্রতি মাসে গ্লোবাল ডিজিটাল আর্টিস্ট র্যাঙ্কিং প্রকাশ করে। বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে একজন শিল্পীর গান কতবার শোনা বা দেখা হয়েছে, সেই সংখ্যার ওপর ভিত্তি করে তারকাদের অবস্থান নির্ধারণ করা হয়। ২০২৬ সালের মে মাসের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, মাইকেল জ্যাকসন ১১,১৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা জাস্টিন বিবারকে প্রায় ৫০০০ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন। তালিকায় ৪৩৯৭ পয়েন্ট নিয়ে কে-পপ ব্যান্ড বিটিএস রয়েছে তৃতীয় স্থানে।
অ্যাপল মিউজিক, আইটিউনস, ইউটিউব, শাজাম এবং ডিজারের মতো প্রায় সব বড় প্ল্যাটফর্মে এখন মাইকেল জ্যাকসনের একক আধিপত্য চলছে। তবে স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই প্ল্যাটফর্মে তিনি জাস্টিন বিবারের পরে অবস্থান করছেন।

জনপ্রিয়তার দৌড়ে তিনি কেবল বিবার বা বিটিএস-কেই পেছনে ফেলেননি, বরং বর্তমান সময়ের হার্টথ্রব শিল্পী ব্যাড বানিকেও পেছনে ফেলেছেন। তিনি ৪০৮৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। অন্যদিকে, টেলর সুইফট ৩১০০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
ইএইচ/




