বছর দুয়েক আগে সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যলাক্সী লক্ষ্য করে গুলি ছোড়ে দুই অস্ত্রধারী। মামলাটি এখনও চলমান। গত মাসে শুরু হয়েছে বিচার। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভাইজানের দেহরক্ষী জানিয়েছেন সালমানকে প্রাণনাশের উদ্দেশ্য নিয়েই গুলি চালানো হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার প্রথম সাক্ষী সালমানের দেহরক্ষী জানান, ১৩ এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে নিয়মমাফিক ডিউটিতে ছিলেন তিনি। পরদিন অর্থাৎ ১৪ এপ্রিল ভোর চারটার দিকে হঠাৎ আতশবাজির মতো শব্দ শুনতে পান। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও সিসিটিভি ফুটেজ দেখে শতভাগ নিশ্চিত হন।
বিজ্ঞাপন
দেহরক্ষী আরও জানান, মোটরসাইকেলে আসা হামলাকারীরা চার থেকে পাঁচবার গুলি চালায়। তিনি এবং অন্যান্য নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। অভিনেতা সেসময় বাড়িতেই ছিলেন।
মামলার অপর সাক্ষী এক পুলিশ প্রহরী। গেল শনিবার আদালতে সাক্ষ্য দেন তিনি। জানান, লবিতে থাকার কারণে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারেননি, পরে গুলির খোসা পড়ে থাকতে দেখেন।
২০২৪ সালের ১৪ এপ্রিল হামলার পর দায় স্বীকার করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও অনমোল বিষ্ণোই। পুলিশের সূত্র জানায়, ওই হামলার পেছনে ছিল ভিকি গুপ্তা এবং সাগর পাল। হামলার দুইদিন আগে ঘটনাস্থল রেকি করতে পাঠানো হয়েছিল অনমোলকে। বর্তমানে সে পলাতক।




