বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

অটোচালকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্কে জড়ায় উপন্যাসিক উমা! 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

অটোচালকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্কে জড়ায় উপন্যাসিক উমা! 

পথের সঙ্গে জীবনের মিল খোঁজার চেষ্টা করেন অনেকে, রূপক অর্থে। আর করবেনই বা না কেন, জীবন যেমন অনিশ্চিত, পথও এক অনিশ্চিত জায়গা। যে কোনো সময় ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু। জীবনের প্রয়োজন, আকাঙক্ষা একজনকে কখন, কোথায়, কীভাবে নিয়ে যায় কে বলতে পারে। আবার, এই পথেই এমন সব ঘটনা ঘটে যায়, যা একজের জীবন বদলে দিতে পারে।

এমনই কিছু ঘটনা সাজিয়ে গল্প বলতে আসছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। গল্পের নাম ‘পথের প্যাঁচাল’। চরকি ফ্ল্যাশ ফিকশন হিসেবে এটি মুক্তি পেতে যাচ্ছে ৬ মে রাত ১২টায় (৭ মে)। দর্শকরা এটি শুধু চরকিতেই দেখতে পারবেন। ‘পথের প্যাঁচাল’–এ অভিনয় করেছেন ইয়াশ রোহান, বহ্নি হাসান, মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রনব ঘোষ, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। ২৯ এপ্রিল সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশনটির পোস্টার।

‘পথের প্যাঁচাল’ নাম শুনলেই মনে আসে কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ এর কথা। গল্পে বা ভাবনায় কোনো অনুপ্রেরণা আছে কি? নির্মাতা নিশ্চিত করেছেন, শব্দ দুটি শুধু শুনতেই কাছাকাছি। এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের গল্প।

Yash_Rohan_2-Pother_Pechal

তাহলে প্রেক্ষাপটটা কী? জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম জানান, বায়েজিদ একজন অটো রিকশাচালক, যার প্রতিদিনের জীবন রিকশার প্যাডেলে ঘুরে চলে। তার জীবনে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যান উমা। তিনি একজন নবীন উপন্যাসিক, নিজের প্রথম উপন্যাস প্রকাশের চেষ্টা করছে সে। এমন দুই ভিন্ন প্রেক্ষাপটের চরিত্রের মাধ্যমে এগিয়ে যাবে গল্প। ভিন্ন সামাজিক অবস্থানের এই দুই মানুষের মধ্যকার আন্তঃসম্পর্ক ও কথোপকথনই ‘পথের প্যাঁচাল’-এর মূল উপজীব্য।


বিজ্ঞাপন


গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘জীবন মানেই এক দীর্ঘ পথ এবং এই পথে তৈরি হয় অসংখ্য গল্প। এই ফিকশনে কিছু বিষয় অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। এখানে দুই শ্রেণির দুই মানুষের কথা আছে। শ্রেণি আলোচনা ও অনুভূতির বয়ান রয়েছে। অনেকে একে ‘অসম’ কিছু একটা ভাবতে পারেন, তবে আমি একে বলব সহজ-সরল সম্পর্ককে মানবিকভাবে দেখার চেষ্টা। সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে সম্পর্কের এক মানবিক রূপ এখানে ফুটে উঠবে।’

গল্পের ধারণা দিয়ে ইয়াশ রোহান বলেন, ‘এটা একটা ট্যালেন্টের গল্প। ট্যালেন্ট এমন একটা জিনিস, এটা কখন কোথায় কীভাবে থাকবে তা কেউ জানে না। এই গল্পটাও তেমন, যেখানে কেউ আসলে ট্যালেন্টটা প্রত্যাশা করে না, সেখানেই এটা পাওয়া যায়।’ আর অটোরিকশা চালানোর অভিজ্ঞতা? ‘এটা অন্যরকম অভিজ্ঞতা। পরে কখনও বলব।’ বলেন ইয়াশ।

Pother_Pechal_scene

‘পথের প্যাঁচাল’– এ বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর বহ্নি হাসান অভিনয় করেছেন উমা চরিত্রে। বহ্নি হাসান নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘উমা চরিত্রটি স্ট্রং পার্সোনালিটির একজন স্বাবলম্বী নারী। স্বাভাবিকভাবেই চরিত্রটির উল্টোদিকে অনেক মানুষকে দেখা যায়। এক পর্যায়ে বায়েজিদ–ও আসে। অন্য সব চরিত্রগুলোর সঙ্গে স্ট্রাগল করলেও বায়েজিদ চরিত্রটি উমাকে অন্য একটা ভাবনায় নিয়ে যায়। একটা হিউম্যান কানেকশন তৈরি হয় বায়েজিদ–উমার মধ্যে। এটা ঠিক প্রেম না, আবার কোনাকিছুই তো প্রেমের বাইরে না।’

শিপ্রা দেবনাথ–এর গল্পে ‘পথের প্যাঁচাল’–এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। একে স্লাইস অফ লাইফও বলা যেতে পারে। ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট। চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর