কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে ভারতের জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এই ঘটনায় কমিশনের কাছে লিখিত ক্ষমা প্রার্থনার পাশাপাশি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ইউটিউবে গানটি মুক্তির পরপরই অভিযোগ ওঠে যে, এতে নারী ও শিশুদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেন, ‘সঞ্জয় দত্তর মতো জনপ্রিয় তারকাদের কাজের ক্ষেত্রে আইনি ও সামাজিক মর্যাদার দিকে খেয়াল রাখা উচিত।’ কোনো কাজ করার আগে তাতে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে কি না, তা যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার—এ কথা তিনি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন।

শুনানি শেষে সঞ্জয় দত্ত জানিয়েছেন, উপজাতীয় অঞ্চলের ৫০ জন মেয়ে শিশুর শিক্ষার যাবতীয় খরচ তিনি নিজে বহন করবেন। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, সমাজের কল্যাণ এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে অভিনেতা এই উদ্যোগ নিয়েছেন।
সঞ্জয় দত্ত আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে তিনি এই ধরনের ভুল আর করবেন না। অভিনেতা জানিয়েছেন, এখন থেকে যে কোনো সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি করার সময় নারী ও শিশুদের যেন ছোট বা অসম্মান করে দেখানো না হয় সেই শর্ত যুক্ত করবেন।

শুনানিতে অভিনেত্রী নোরা ফাতেহিরও উপস্থিত থাকার কথা ছিল। তবে বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি এবং কমিশনের কাছে পরবর্তী সময়ের জন্য অন্য একটি তারিখ চেয়েছেন।
বিতর্কিত ওই গানটি গত ১৫ মার্চ ইউটিউবে ছাড়া হয়েছিল। কিন্তু তীব্র সমালোচনা এবং জাতীয় মহিলা কমিশনের আপত্তির কারণে গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিনেমাটি আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএইচ/




