প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিচ্ছেদের ঘোষণা দিলেন মার্কিন র্যাপার মেগান থি স্ট্যালিয়ন। দীর্ঘ নয় মাস ধরে বাস্কেটবল তারকা ক্লে টম্পসনের সঙ্গে সম্পর্ক চলছিল গায়িকার। গত ২৫ এপ্রিল মেগান প্রকাশ্য বিচ্ছেদের ঘোষণা দেন।
বিচ্ছেদের বিষয়ে মার্কিন র্যাপার জানিয়েছেন, বিশ্বাস ও আনুগত্যের জায়গা নষ্ট হওয়ায় তিনি বিচ্ছেদের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সম্মান ও সততা সম্পর্কের ভিত্তি, যা চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ এই গায়িকার। জীবন নিয়ে নতুন করে ভাবতে নিজেকে বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন তিনি।

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরে একটি মঞ্চে গান গাইতে দেখা যায় মেগানকে। সেখানে পারফর্ম করার ফাঁকে চোখের পানি মোছার দৃশ্য ভক্তদের ছুঁয়ে গেছে।
ইন্সটাগ্রাম স্টোরিতে মেগান বাস্কেটবল তারকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘ক্লে টম্পসন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বাস্কেটবল মৌসুমের পুরোটা সময় ক্লে-এর খামখেয়ালি আচরণ ও দুর্ব্যবহার সহ্য করেছি। তবুও শেষ পর্যন্ত প্রতারণার শিকার হতে হয়েছে।’

এদিকে বাস্কেটবল তারকা এখন পর্যন্ত মেগানের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে গুঞ্জন উঠেছে, ডব্লিউএনবিএ তারকা লেক্সি ব্রাউনের সঙ্গে ক্লে-এর গোপন সম্পর্কের জেরে মেগানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে।
২০২৫ সালের জুলাই মাসে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন মেগান ও ক্লে। হলিউডের বিভিন্ন অনুষ্ঠানে একসাথে হাজির হয়ে নজর কাড়তেন এই জুটি।




