দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মাজুমদারের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মতো গাইলেন উপমহাদেশের কিংদন্তি শিল্পী রুনা লায়লা। ‘অনায়াসে’ শিরোনামের বাংলা গজল ঘরানার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গায়িকার সঙ্গে যৌথাভাবে গেয়েছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। আগামী ১৬ মে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
নতুন গানের খবর জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। ভিডিওতে গানের পেছনের গল্প জানান তিনি। অনায়াসে গানটি প্রথমে এককভাবে তাঁর গাওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে রুনা লায়লার পরামর্শে তাঁর সঙ্গে কণ্ঠ দেন বাপ্পা।
বিজ্ঞাপন
গান রেকর্ডিংয়ের সময় মাছি গিলে ফেলেছিলেন রুনা লায়লা
রুনা লায়লা বলেন, ‘এই গানটি নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। বাংলা গজল। এটা মনে হয় আগে কখনোই হয়নি। গানটি এককভাবে আমার করার কথা ছিল। বাপ্পা মজুমদার যখন আমাকে গানটি গাওয়ার জন্য বলল তখন সম্মতি জানাই। কিন্তু গানটি শোনার পর বাপ্পাকে বলি, চলো গানটি দুজনে একসঙ্গে গাই। ও বলল, আন্টি কী বলেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তুমি তো ট্যালেন্টেড কম্পোজার, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর। তোমার সঙ্গে গাইলে তো ভালোই হবে গানটা। পরে আমরা গানটি রেকর্ড করলাম। আগামী ১৬ মে গানটি প্রকাশ করা হবে। আশা করি সবার ভালো লাগবে।’

রুনা লায়লার ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাপ্পা মজুমদার লেখেন, ‘এই গানটি আমার কাছে বিশেষ কিছু। স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
বিজ্ঞাপন
সংগীতে ৬০ বছর, রুনা লায়লাকে নিয়ে বিশেষ আয়োজন
অনায়াসে গানটি বাপ্পা মজুমদারের অনুভব অ্যালবামের গান। দেড় বছর আগে প্রকাশ পেয়েছিল এই অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। সে সময় বাপ্পা জানিয়েছিলেন, অনুভব অ্যালবামে থাকবে গজল ঘরানার ৮টি গান। সব গান লিখবেন সৈয়দ গালিব হাসান।
অনুভব অ্যালবাম নিয়ে বাপ্পা বলেন, ‘৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা।’




