গতকাল ১৮ এপ্রিল দেহ রেখেছেন ভারতীয় কিংবদন্তী বাউল সাধক-শিল্পী কানাই দাস। তার চলে যাওয়ায় শোকাচ্ছন্ন অনুরাগী, শুভানুধ্যায়ীরা। নির্মাতা মেজবাউর রহমান সুমন যেন সে শোক আরও উসকে দিলেন। জানালেন, মুক্তিপ্রতীক্ষিত ‘রইদ’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন কানাই দাস। শোনা হলো না শেষ গানটি।
বিষয়টি সুমন জানিয়েছেন সামাজিক মাধ্যমে। আজ ১৯ এপ্রিল নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘কানাই দাস বাউল আপনি চলে গেলেন, রেখে গেলেন আমাদের কাছে আপনার গাওয়া শেষ গান!’

এরপর লেখেন, ‘‘গত বছর ‘রইদ’ -এর গান রেকর্ডিংয়ের সময় তার (কানাই দাস) সাথে কথা হচ্ছিল। বললাম আপনি কি সিনেমায় এর আগে গান করেছেন? বললেন কেউ ডাকেনি তো! মাতান চাঁদ গোসাইয়ের এই গানটি আপনার কণ্ঠে বহুবার শুনেছি।’’
আক্ষেপ নিয়ে বাউল কানাই দাসের উদ্দেশে সুমন লিখেছেন, ‘কিছুদিন পর গানটি প্রকাশ পাবে। শেষ হবার পর শুনতে চেয়েছিলেন। আপনার আর শোনা হলো না।’

ঢাকা মেইলকে সুমন বলেন, ‘ওনার সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল বছর দুয়েক আগে। সিনেমাটির শুটিংয়ে যখন যাই। গানটি রেকর্ড করেছিলাম এক বছর আগে। রইদের গুরুত্বপূর্ণ একটি জায়গায় গানটি রয়েছে।’
নির্মাতার কথায়, ‘গানটা নিয়ে ওনার সঙ্গে দুই আড়াই বছর ধরে কথা হচ্ছিল। গত বছর কলকাতায় আমার এক বন্ধুর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। শুনতে চেয়েছিলেন। তখনও কাজ চলছিল। বলেছিলাম শেষ হলে শোনাব। কিন্তু শেষ গানটি আর শোনা হলো না বাউল কানাই দাসের।’

পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিশ্বাস ত্যাগ করেন কানাই দাস। জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত দুই মাস ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছিলেন।
ভারতীয় বাউল সংগীতের অন্যতম ব্যক্তিত্ব কানাই দাস। এক সাধারণ পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন দৃষ্টিহীন। তবে পথ দেখতেন সুর দিয়ে। জীবন ও মানবতা খুঁজে পেয়েছিলেন অন্তর্দৃষ্টিতে।
আরআর




