বড়পর্দায় থিতু হলেও থিয়েটারের সঙ্গে যোগাযোগ ছিল সদ্য প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যুক্ত ছিলেন সৌরভ পালোধীর নাট্যদল ‘ইচ্ছেমতো’- র সঙ্গে । শেষবারের মতো এই দল থেকেই মঞ্চে দাঁড়িয়েছিলেন তিনি। ভীষণ প্রশংসিত হয়েছিল ‘যে জানালাগুলোর আকাশ ছিল’ নাটকটি। এবার নাটকটি বিনা টিকিটে দেখানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইচ্ছেমতো’ নাট্যদলের প্রধান সৌরভ পালোধী বন্ধু রাহুলের। এবার বন্ধুর জন্য এ বিশেষ উদ্যোগ নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সৌরভ।
বিজ্ঞাপন
সেখানে জানান, ‘ইচ্ছেমতো’ দলের অন্যতম জনপ্রিয় নাটক ছিল যে জানালাগুলোর আকাশ ছিল। এই নাটকটিতে শুধুমাত্র রাহুল অভিনয় করেছিলেন তা নয়, এই নাটকের চিত্রনাট্যকারও ছিলেন তিনি। তাই রাহুলকে ছাড়া এই নাটক একেবারেই অসম্পূর্ণ বলে জানান সৌরভ।
সৌরভ বলেন, ‘প্রতিদিন রাহুলদা আসবেন, শো চলবে, শেষ হয়ে গেলে রাহুলদা বাড়ি চলে যাবেন। এইভাবেই রাহুলদা আমাদের মধ্যে থাকবেন। আগামী ১০ এপ্রিল দুপুর ১:৪৫ মিনিটে একাডেমি অফ ফাইন আর্টসে এই নাটকটির একটি বিশেষ শো আয়োজন করা হচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম একটা স্মরণ সভার আয়োজন করা হবে, কিন্তু পরে মনে হল এর থেকে ভালোভাবে আমরা রাহুলদাকে স্মরণ করতে পারতাম না।’
এদিকে রাহুলের অভিনীত চরিত্রে এবার থাকছেন প্রতীক দত্ত। প্রস্তাব পেয়েই রাজি হয়েছেন তিনি। সেকারণে প্রতীককে ধন্যবাদ জানান সৌরভ।
২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার।

