বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া নিতে গিয়ে হামলার শিকার নির্মাতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া নিতে গিয়ে হামলার শিকার নির্মাতা

জুলাই আন্দোলনের ওপর তথ্যচিত্র নির্মাণের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ‘মায়ের ডাক’-এর অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপি-এর মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযোগ উঠেছে, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।

হামলার শিকার মুশফিকুর অভিযোগ করেন, তিনি ডিএফপির জন্য জুলাই আন্দোলন বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব পান। পরিচালক হিসেবে কাজটি সম্পন্ন করে অনেক আগেই তিনি তা জমা দিয়েছেন। গতকাল সেই কাজের বকেয়া বিলের জন্য তিনি সেখানে গিয়েছিলেন।

অভিযোগে তিনি আরও বলেন, দুপুর ২টায় ডাকা হলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো আলোচনা শুরু হয়নি। পরে মহাপরিচালক (ডিজি) উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় ডিএফপির চিত্রগ্রাহক মশিউর রহমান তাঁদের হুমকি দেন এবং সরকারি অনুদানের অর্থ না দিতে অধিদপ্তরের ডিজিকে চাপ প্রয়োগ করেন।


বিজ্ঞাপন


একপর্যায়ে মুশফিকুরকে সেখান থেকে চলে যেতে বলা হয় এবং চলে না গেলে তাঁদের মেরে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর প্রায় ১০ মিনিট পর স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জনকে ডেকে এনে তাঁদের ওপর হামলা চালানো হয়।

হামলায় মুশফিকুরের সঙ্গে থাকা গোলাপ শাহের মাথা ফেটে যায় এবং আব্দুর রহমানের মুখ ফেটে যায়। মুশফিকুর নিজেও আহত হয়েছেন। আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলার পর মহাপরিচালকের রুমের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠার পর অভিযুক্ত চিত্রগ্রাহক মো. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে ডিএফপি এ তথ্য জানিয়েছে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর