মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

‘কোনো লড়াই ছাড়া হারিয়ে গেলে, কী এমন তাড়া ছিল তোমার?’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

‘কোনো লড়াই ছাড়া হারিয়ে গেলে, কী এমন তাড়া ছিল তোমার?’

অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। মৃত্যুর তিনদিন পেরিয়ে গেলেও তাঁর অভাব মেনে নিতে পারছেন না সহকর্মী ও স্বজনেরা। মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক মাধ্যমে রাহুলের প্রয়াণে আবেগঘন বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

সহকর্মী রাহুলের অকাল প্রয়াণে অভিনেত্রী লেখেন, ‘রাহুলের সুন্দর সত্তাটি আজ কেবল এক বিদেহী আত্মায় পরিণত হয়েছে। একজন মানুষের শরীর এতটা অকালে কীভাবে আত্মায় পরিণত হতে পারে? এই প্রশ্নটি আমাকে বাকরুদ্ধ করে দিচ্ছে।’

image

রাহুলের প্রশংসা করে তিনি বলেন, ‘সে এক পুরো প্রজন্মের প্রতিনিধি। নিজের রক্ত আর ঘাম দিয়ে সে তার সাম্রাজ্য গড়েছিল। সে কোনো সংকেত ছাড়াই হারিয়ে গেল? এত নিষ্ঠুরভাবে আমাদের ফেলে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না রাহুল।’

ঋতুপর্ণা আরও লেখেন, ‘তুমি তো সবসময় যোদ্ধা ছিলে। জীবনের কঠিনতম সময়েও তুমি উঠে দাঁড়িয়েছ। তবে এবার কেন কোনো লড়াই ছাড়া হারিয়ে গেলে? কোথায় ছিল সেই যন্ত্রণা? কী এমন তাড়া ছিল তোমার?’ 

image

টলিউড অভিনেত্রী বলেন, ‘সে ছিল উজ্জ্বল এক নক্ষত্র। তার হাসি, কথা অন্যদের জীবনকেও আলোকিত করত। তার ইতিবাচক ব্যক্তিত্ব অন্যদের সাহস জোগাত। আজ সে সবাইকে ফেলে আড়ালে চলে গেছে। আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা চরম দুর্ভাগ্যের।’

সবশেষে ‘পতি পরমেশ্বর’ সিনেমার শুটিংয়ের দিনগুলোর স্মৃতি হাতড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, রাহুল ভালোবাসার সঙ্গে অমর হয়ে থাকবে। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর