বলিউডে চার দশকের ক্যারিইয়ার অলকা ইয়াগনিকের। তার গানে ঠোঁট মিলিয়েছেন অসংখ্য লাস্যময়ী। তার সুরের মায়াজালে উতরে গেছে অনেক সিনেমা। জনপ্রিয় এ গায়িকা এখন নিজেই গান থেকে দূরে। শ্রবণশক্তি হারিয়ে করছেন আড়ালবাস। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০২৪ সালে থেমে যায় অলকার কণ্ঠ। তবে রাখঢাক করেননি। নিজেই জানিয়েছিলেন গান থেকে সরে যাওয়ার কারণ। শ্রবণশক্তি হারানোয় সুর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বলে জানিয়েছিলেন।

একটি ভাইরাসের সংক্রমণে শ্রবণক্ষমতা হারান অলকা। সে সময় ফেসবুকে এক বিবৃতিতে লিখেছিলেন, “কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’’
ভাইরাস আক্রান্তের পর কেটে গেছে দুই বছর। এখন কেমন আছেন গায়িকা? জানার কৌতূহল অনেকের। তবে কোনো সুখবর দেননি অলকা। জানিয়েছেন অবস্থার খুব একটা উন্নতি হয়নি। সেজন্যই ফেরা হয়নি মাইক্রোফোনের সামনে।

তবে এখনও সংগীতের মানুষজন ভোলেননি অলকাকে। এক সাক্ষাৎকারে বলেন, “গীতিকার ও সুরকারেরা প্রায়ই আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি এখন গাইতে পারছি না।”
শ্রবণশক্তি হারানোর খবরে মন ভেঙেছিল সংগীতপ্রেমীদের। এখনও অলকার অভাব বোধ করেন তারা। তাদের কোনো আশার সংবাদ না শোনালেও পরামর্শ দিয়েছেন গায়িকা। শ্রবণশক্তি হ্রাসের সংবাদ দেওয়ার সময় নতুন প্রজন্মকে উচ্চ শব্দ থেকে দূরে থাকার এবং হেডফোন গুঁজে কাজ না করার পরামর্শও দিয়েছিলেন।

