‘দেনা পাওনা’ সিরিয়ালের নিপা চরিত্রে রূপদান করে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটি শেষ হতেই নতুন কাজ নিয়ে আসছেন তিনি। ‘চেনা অচেনা’ সিরিজে নতুন রূপে দেখা যাবে তাকে।
এ সিরিজে নিজের চরিত্র নিয়ে ঢাকা মেইলকে ছোঁয়া বলেন, ‘‘চেনা অচেনা’য় আমার চরিত্রের নাম আয়রা। বাবা-মা নেই। দাদির খুব আদরের নাতনি। সে কারণে একটু আহ্লাদী। পাশাপাশি সহজ সরল। আয়রা নিজেও জানে না সে কতটা ভালো! দাদির চরিত্রে আছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা আমার স্বপ্ন ছিল।’’
বিজ্ঞাপন

‘দেনা পাওনা’র পর ‘চেনা অচেনা’য়-ও ছোঁয়ার বিপরীতে আছেন অ্যালেন শুভ্র। খায়রুল-নিপার পর আয়রা-নূর হিসেবে ধরা দেবেন তারা। অ্যালেন শুভ্রর সঙ্গে স্ক্রিনের পথচলা নিয়ে বলেন, ‘প্রায় তিন বছর ধরে তার সঙ্গে আমার অনস্ক্রিন কাজ হচ্ছে। অফস্ক্রিনে আমরা কলিগ। সহশিল্পী তিনি বেশ সাপোর্টিভ। ওই জায়গা থেকে মনে হয় তিনি অসাধারণ একজন আর্টিস্ট।’
তার কথায়, ‘‘দেনা পাওনা’য় আমাকে সবাই এমন ভাবে নিয়েছেন যে আমি তাদের অংশ হয়ে গেছি। তাদের জন্য ‘চেনা অচেনা’র আয়রা আসবে চমক নিয়ে। একবারে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করেছি আমরা। আশা করছি দর্শক ইতিবাচকভাবে নেবেন। তাছাড়া আমার মনে হয় ভিন্ন ভিন্ন চরিত্র একজন শিল্পীর ক্যারিয়ারকে বৈচিত্র্যপূর্ণ করে তোলে। তার ভিত শক্ত করে।’’
বিজ্ঞাপন

এদিকে পর্দায় ছোঁয়া-শুভ্রকে দেখে অনেকে পর্দার বাইরেও জুটি হিসেবে ভাবেন। অনেকের মনে সন্দেহ উঁকি দেয়। গুঞ্জন তোলেন, পর্দার বাইরেও কি খায়রুল-নিপার মতো রসায়ন তাদের মধ্যে? দর্শকের এই ভাবনা বিরক্ত করে না ছোঁয়াকে। ইতিবাচকভাবে নেন। তার কথায়, ‘এই গুঞ্জন আমি খুব এনজয় করি। আমাদের কেমিস্ট্রি দর্শকের বিশ্বাসযোগ্য মনে হয়েছে বলেই তারা আমাদের নিয়ে পর্দার বাইরেও ভাবতে পারেন।’
সবশেষে দর্শকের কাছে দোয়া চাইলেন ছোঁয়া। তিনি মনে করেন, দর্শকের ভালোবাসায়-ই ‘দেনা পাওনা’র নিপা এত জনপ্রিয়তা পেয়েছে। তার প্রত্যাশা খায়রুল-নিপার মতো আয়রা-নূর জুটিকেও যেন তারা ভালোবাসায় বেঁধে রাখেন।

‘চেনা অচেনা’ দেখা যাবে আগামীকাল ৩১ মার্চ থেকে। পরিচালক ওমর ফারুক। অভিনয়ে আছেন ডা. এজাজ, শিল্পী সরকার, বড়দা মিঠু, এমএনইউ রাজু প্রমুখ।
আরআর

