রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘দম’ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদন তুঙ্গে। নির্মাতা রেদওয়ান রনি ও আফরান নিশো জুটির প্রথম সিনেমা বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। এবার ‘দম’ দেখে নিজের অনুভুতির কথা জানিয়েছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।
শুক্রবার (২৭ মার্চ) সামাজিকমাধ্যমে এক পোস্ট তিনি লেখেন, “আমি যখন মোস্তফা সরয়ার ফারুকীর কাছে ফিল্ম মেকিং শিখি, রেদোয়ান রনি তখন ছবিয়ালের সুপরিচিত নির্মাতা। আমার মতো তরুণ মেকারদের জন্য রনি (রেদওয়ান রনি) ভাইরা ছিলেন উদাহরণ। তিনি অনেক দিন পরে সিনেমা বানালেন ‘দম’। দেখে মনে হয়েছে সিনেমার দম আছে। বিদেশের মাটিতে এত আয়োজনের মধ্যে এত গোছানো কাজের জন্য রনি ভাই ও শাকিল ভাই দুজনেই প্রশংসার দাবিদার। বিশেষ করে বিরতির ঠিক আগের দৃশ্যটিতে দম আটকেই আসছিল। সিনেমার লোকেশন, মিউজিক, সিনেমাটোগ্রাফি সবই সুন্দর।”

তিনি আরও বলেন, “চঞ্চল ভাই (চঞ্চল চৌধুরী) এই ছোট চরিত্রেও তার জাত অভিনয় দেখিয়ে দিলেন। চরিত্র অনুযায়ী নিশো ভাই দুর্দান্ত। কী পরিমাণ ডেডিকেশন ছিল, তা বোঝা যায়। তবে নিশো ভাইয়ের তিনটি সিনেমার চরিত্রগুলো কোথায় যেন একই রকম—দুঃখী, প্রতারিত টাইপ হয়ে যাচ্ছে। তার মতো ভার্সেটাইল অভিনেতার কাছ থেকে সামনে অন্য ধরনের কিছুও আশা করি।”
প্রযোজক শাহরিয়ার শাকিলের প্রশংসা করে হিমেল লেখেন, “শাকিল ভাই নিয়মিত ভালো মানের সিনেমা বানাচ্ছেন এইটা বড় ব্যাপার, এই পথ চলতে থাকুক। ‘দম’ টিমের জন্য শুভ কামনা।”
ইএইচ/

