জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা শাহনেওয়াজ কাকলীর এবারের রোজার ঈদের দিনটি কেটেছে হাসপাতালের বিছানায়। তবে অসুস্থতার মাঝেও দিনটি বেশ আনন্দঘন ছিল বলে জানিয়েছেন তাঁর স্বামী ও অভিনেতা প্রাণ রায়।
প্রাণ রায় জানান, ঈদের দিনটিতে তাঁদের পাশে ছিলেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং অভিনয়শিল্পী সংঘের সহকর্মীরা। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘ঈদের দিনটি এবার হাসপাতালেই কেটেছে। তবে এই দিনটি ওর (শাহনেওয়াজ কাকলী) ভালোই কেটেছে। কারণ আমাদের অনেক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, অভিনয় শিল্পী সংঘের বন্ধুরা সবাই ওর সাথে দেখা করতে এসেছিল। অনেকেই বাসা থেকে খাবার নিয়ে হাসপাতালে এসেছিলেন।’

অসুস্থ হওয়ার আগের ঈদগুলো কেমন কাটত, সেই স্মৃতিচারণ করে প্রাণ রায় বলেন, ‘ঈদের দিন সকালে সেমাই, পরোটা ও নানা পদের খাবার দিয়ে আমাদের দিন শুরু হতো। দুপুরে থাকত বিশেষ রান্নার আয়োজন। বাড়িতে অনেক অতিথি আসত। এমনকি আমাদের পোষা প্রাণীগুলোকেও সেদিন গোসল করানো এবং সেমাই খাওয়ানো হতো। আমরা যা খেতাম, ওদেরও তাই দিতাম। সারাটা দিন বেশ ভালোই কাটত।’
কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন এই গুণী নির্মাতা? এমন প্রশ্নের জবাবে প্রাণ রায় বলেন, ‘সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) হাসপাতালের নিয়ম হলো তারা একটানা দীর্ঘদিন রোগী রাখে না। কিছুদিন পর আমাদের রিলিজ দেওয়া হবে। হয়তো মাসখানেক বাসায় থেকে আবার ভর্তি হতে হবে। দুই মাস অন্তর বিরতি দিয়ে চিকিৎসা চলে, যাতে রোগী বাসার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।’

স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে আশার কথা শুনিয়ে এই অভিনেতা জানান, শাহনেওয়াজ কাকলীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে।
ইএইচ/

