প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের পাগলামির শেষ নেই। কখনও তা মাত্রা ছাড়ায়। এই যেমনটা করলেন দক্ষিণী সুপারস্টার এনটিআরের ভক্তরা। প্রিয় তারকাকে এক নজর দেখতে হাসপাতালকে বানালেন রণক্ষেত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রোববার (৮ মার্চ) ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন এনটিআর। সেখানে তাকে দেখতে হাসপাতালের ভেতর ও বাইরে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে।
বিজ্ঞাপন
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনুরাগীরা স্লোগান দিচ্ছেন, হাত নাড়ছেন এবং নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে এনটিআরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আর এই ভিড় সামাল দিতে গিয়ে নিরাপত্তারক্ষী ও পুলিশ রীতিমতো হিমশিম খায়।
জানা যায়, অভিনেতা যেখানে উপস্থিত ছিলেন, সেখানে পৌঁছাতে গিয়ে অনেকেই হাসপাতালের ভেতরের একটি এসকেলেটরে (চলন্ত সিঁড়ি) উঠে পড়েন। অতিরিক্ত ভিড় ও চাপের কারণে সেই এসকেলেটর ক্ষতিগ্রস্ত হয়। পরে এতে সাময়িকভাবে যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে লাঠিচার্জ করেন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা। এরপর অভিনেতার নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে একটি নিরাপত্তা করিডোর তৈরি করা হয়।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেটিজেনরা। কেউ কেউ এমন ভিড়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ বলছেন, এই ঘটনা থেকে তারকাদের উপস্থিতিতে ভিড় সামলানোর শিক্ষা নেওয়া উচিত।




