ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত বিশ্ব। বিভিন্ন দেশে স্থাপিত মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ফলে ওইসব দেশগুলোতে অবস্থানরত ভিনদেশি নাগরিকরাও বিপদের সম্মুখীন। তালিকায় আছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। ইউরোপে বেড়াতে গিয়ে প্যারিসে আটকা পড়েছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমকে সন্দীপ্তা বলেন, ‘‘ট্রিপটা ভালোভাবেই হয়েছে। প্যারিস থেকে ফ্লাইট ছিল। দুবাই হয়ে ভারতে ফেরার কথা আমাদের। কিন্তু ১ তারিখের ফ্লাইট বাতিল। যদিও আমাদের বিমান সংস্থা ৫ তারিখে ফেরার টিকিট করে দিয়েছে। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আবার ফ্লাইট বাতিল হতে পারে। তাই খুব দুশ্চিন্তায় আছি। আসলে অন্য সমস্ত রুটও বন্ধ। অন্য রুট হয়ে যে ফিরব তারও অবস্থা নেই।’’
বিজ্ঞাপন
সন্দীপ্তা জানান ফ্রান্সে এখনও যুদ্ধের উত্তাপ না লাগলেও চিন্তিত তিনি। তার কথায়, ‘‘৫ তারিখেও যদি ফিরতে না পারি, তা হলে খুব অসুবিধেয় পড়ব আমরা। ফিরতে হবে। ওখানে কাজ পড়ে আছে। আর এ দেশে কত দিনই বা থাকব!’’
এদিকে দুবাইয়ে ছেলে নিয়ে আটকা পড়েছেন শুভশ্রী। তার হোটেলের পাশেই ঘটেছে বিস্ফোরণ। স্ত্রী সন্তানের চিন্তায় ঘুম হারাম রাজ চক্রবর্তীর। অন্যদিকে দেশে ফেরার চিন্তায় ঘুম হারাম সন্দীপ্তা-সৌম্যর।

