মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

‘গোপন চক্রান্তের মাধ্যমে কাউকে সরকার গঠন করতে দেখতে চাই না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

গোপন চক্রান্তের মাধ্যমে কাউকে সরকার গঠন করতে দেখতে চাই না’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন প্রার্থীরা। ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে শঙ্কিত অনেকে। এর প্রভাবে নির্বাচনে পড়ুক এমন প্রত্যাশা তাদের। 

জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদও বেশ উদ্বিগ্ন। চান না ফের পলাশীর প্রান্তরের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক। সামাজিক মাধ্যমে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেছেন এ সংগীতজ্ঞ।

আজ শনিবার নিজের ফেসবুকে হামিন লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ শান্তি কামনা করে। নৈরাজ্য আর সহিংসতা যথেষ্ট হয়েছে। স্পষ্টতই বিভিন্ন রাজনৈতিক দাবির কোনো শেষ নেই, আর উগ্র জনতাভিত্তিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি।’ 

তার কথায়, ‘এখন সরকারের দায়িত্ব—দেশে আইনের শাসন কার্যকরভাবে প্রতিষ্ঠা করা, যাতে আমরা সাধারণ মানুষ ভয় ও উৎকণ্ঠা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারি।’

গায়ক লিখেছেন, ‘নির্বাচন সন্নিকটে, এবং জনগণ চায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে এবং তাদের বিবেচনায় যে ব্যক্তি বা দল আগামী পাঁচ বছর দেশ পরিচালনার জন্য উপযুক্ত, তাকে গণরায়ের মাধ্যমে ক্ষমতায় আনতে। এটাই চূড়ান্ত কথা।’ 

সবশেষে তার সংযোজন, ‘আমরা জনগণ আর কোনো গোপন চক্রান্তের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠের স্পষ্ট সমর্থন ছাড়া কাউকে সরকার গঠন করতে দেখতে চাই না। একইভাবে, আমরা চাই না ইতিহাসের “পলাশীর প্রান্তর”-এর মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক, কোনো নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছায়ায়।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর