ফ্ল্যাটে আটকে রেখে প্রেমিকাকে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে শমীককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এবার মুখ খুললেন ওই ধর্ষিতা তরুণী।
হেনস্তার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা। তার কথায়, “শমীক নতুন ফ্ল্যাটে শিফট করছে তাই বন্ধুর মতোই ডেকেছিল। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমি যাই। ওর মা-বাবাকে জিনিসপত্র গোছাতে কাজে সাহায্য করি। পরেরদিন যেহেতু কলেজ ছিল তাই রাত ৯টা নাগাদ আমি বের হতে ক্যাব বুক করতে যাই। আমার হাত থেকে তখনই মোবাইল নিয়ে যেতে বারণ করে শমীক। এরপরই আমার মোবাইল ঘাঁটা শুরু করে। সেখানেই অন্য এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে আমাকে কথা বলতে দেখে ওর অহমবোধে আঘাত লাগে। এরপরই দরজা বন্ধ করে আমাকে মারধর শুরু করে। তখনও ওর মা-বাবা ওখানে উপস্থিত। আমি তখন যেটাই উত্তর দিই না কেন, সব কথাতেই আমাকে মারছিল। মারের চোটে আমার এক চোখ ফুলে যায়। আমার চোখের নিচে এখনও কালশিটে পড়া। এরমাঝে আমার চিৎকার শুনে ওর মা-বাবা আসে। তখন ও নিজে সুইসাইডের হুমকি দেয়। ওর বাবা-মা তাতেই ভয় পায়। কিন্তু আমাকে মারছে দেখেও ওরা আমাকে একা ফেলে চলে যায়। আমি ওর মাকে ইশারা করে বলতে থাকি ‘আন্টি, কাউকে একটা ফোন করো।’ কারণ আমার ফোন আমার কাছে ছিল না। কিন্তু ওর মা আমার কথা না শুনেই আমাকে ওখানে ছেড়ে চলে যায়। কারণ ওরা নিজেই ভয় পাচ্ছিল শমীকের এহেন রূপ দেখে।” এরপর?
বিজ্ঞাপন
কাঁদতে কাদতে ওই তরুণী বলেন, শমীক আমাকে মারতে মারতে জিজ্ঞেস করছিল- ‘তোর কি খুব লেগেছে?’ আমার মুখটা ধরে দেখে আমার চোখ ফুলে গেছে। কালশিটে। আমি যখন ছেড়়ে দেওয়ার জন্য অনুরোধ করি। তখন আবারও আমাকে সপাটে মারে। তখন আমি চিৎকার করে উঠি। আমি এমনিতেই চশমা ছাড়া দেখতে পাই না। মারের চোটে তখন আমার চোখ বন্ধ হয়ে আসে। রাতভর এরকম পাশবিক আচরণ করেছে। ওর মা তারপর এসে আমার জামাকাপড় চেঞ্জ করিয়ে দেয়। তখন আমি বারবার বাড়ি ফেরার জন্য শমীক এবং ওর মা-বাবার কাছে অনুরোধ জানাই। কিন্তু ওরা আমার চেহারা দেখে আমাকে বাইরে যেতে না বলে। সেসময়ে আমার শরীর ছেড়ে দিয়েছিল। মারের চোটে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তার পরের ঘটনা খুব অস্পষ্ট আমার কাছে।”
আগেও কি শমীক এ ধরণের আচরণ করেছেন? জবাবে নির্যাতিতা বলেন, “না, এটা আমার সঙ্গে প্রথম। তবে এই ঘটনা বাইরে যাওয়ার পর ওর অনেক প্রাক্তন এবং বন্ধুরাও আমার সঙ্গে যোগাযোগ করেছে ভিডিও প্রমাণ সমেত। ওরাও শমীকের কাছে যৌনহেনস্তার শিকার। ও কী কী করেছে? সব প্রমাণ আছে আমার কাছে। এরকমও অনেকে যোগাযোগ করেছেন, যাদের সঙ্গে আমার পরিচয়ও নেই। আমি ভেবেছিলাম, আমিই প্রথম। তবে আমার কাছে এখন এরকম অনেকের ছবি আছে, যারা ওর অত্যাচারের শিকার। তারাও আমাকে বলছে- ‘এটা তোর একার সঙ্গে হয়নি। আমাদের সাথেও হয়েছে। আমরা কেউ কিছু বলিনি। কেউ কিছু করিনি।’
সবশেষে ধর্ষণের অভিযোগ আনা তরুণী বলেন, “মারধরের মাঝেই শমীক আমাকে হুমকি দিচ্ছিল- ‘তুই কিছু করে দেখ। তুই এখান থেকে বেরিয়ে দেখ, তোকে মার্ডার করে দেব। তোর মৃত্যু আমার হাতেই আছে।’ ওর বাবা থামাতে আসায় তাকেও প্লাইয়ের টুকরো নিয়ে তাড়া করে শমীক…”, বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতা।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় শমীককে। আদালত থেকে আগামী ১০ দিন তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তার আগেই ধর্ষণের কথা স্বীকার করেছেন এই ইনফ্লুয়েন্সার।

