রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ শরীফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ শরীফ

অভিনয়ে আজকাল তেমন পাওয়া যায় না অভিনেতা শাহেদ শরীফ খানকে। তবে সামাজিক মাধ্যমে সক্রিয়। তার সোশ্যাল হ্যান্ডেলে বর্তমানে নির্বাচনী আমেজ। জাতীয়তাবাদী দল মনোনীত ও সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চাইছেন তিনি। নন্দিত অভিনেতা আবুল হায়াতের এ জামাতা এবার ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জন্য।

নিজের ফেসবুকে ফজলুর রহমানের সঙ্গে ছবি প্রকাশ করে শাহেদ লিখেছেন, ‘কেন কিশোরগঞ্জ–৪ আসনে ফজলুর রহমানকে ভোট দেবেন? প্রিয় কিশোরগঞ্জ–৪ আসনের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, ভোট শুধু একটি কাগজে সিল নয়—ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের আগামীর সিদ্ধান্ত।’


বিজ্ঞাপন


এরপর ফজলুর রহমানের পক্ষে ভোট চেয়ে শাহেদ লেখেন, ‘ফজলুর রহমানকে ভোট দেওয়ার কারণ— মানুষের পাশে থাকা নেতা। তিনি শুধু নির্বাচনের সময় নয়, সুখ–দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন। সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি, দুর্নীতি, দখলদারি আর অন্যায়ের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না—তিনি বিশ্বাস করেন জবাবদিহিমূলক রাজনীতিতে। এলাকার বাস্তব সমস্যা বোঝেন। রাস্তা–ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান—কাগুজে প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধানের কথা বলেন।’ 

এরপর লেখেন, ‘তরুণ ও ভবিষ্যৎমুখী চিন্তা, তরুণদের জন্য কাজ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তার স্পষ্ট পরিকল্পনা রয়েছে। সবাইকে নিয়ে চলার মানসিকতা, ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে তিনি কিশোরগঞ্জ–৪ কে একটি শান্তিপূর্ণ ও উন্নত আসনে রূপ দিতে চান। ভাই ও বোনেরা, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি কথা নয়, কাজে বিশ্বাস করেন। সৎ, যোগ্য ও মানুষের নেতা—ফজলুর রহমানকে একবার সুযোগ দিন। আপনার একটি ভোট বদলে দিতে পারে কিশোরগঞ্জ–৪ এর ভবিষ্যৎ।’


বিজ্ঞাপন


এর আগে শাহেদকে দেখা গেছে বিএনপি সমর্থিত প্রার্থী আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাসহ কয়েকজন প্রার্থীর জন্য সামাজিক মাধ্যমে ভোট চাইতে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর