বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী, প্রধানমন্ত্রীর শোক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী, প্রধানমন্ত্রীর শোক

জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর ম্যানেজার মার্ক গুরভিটজের অফিসের একজন প্রতিনিধি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এছাড়া ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ক্যাথরিন।


বিজ্ঞাপন


অভিনেতা কুলকিন সোশ্যাল মিডিয়ায় হারার মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, ‘মা, আমার কাছে মনে হয়েছিল আমাদের সময় আছে। আমার আরও কিছু চাওয়ার ছিল। তোমার পাশের চেয়ারে বসতে ইচ্ছা করছিল। তোমার কথা শুনেছি। কিন্তু আমার আরও কিছু বলার ছিল। তোমাকে ভালোবাসি। পরে দেখা হবে।’

অভিনেত্রীর মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোক প্রকাশ করেছেন। তিনি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্যাথরিন ও’হারার মৃত্যুতে আমি কানাডিয়ান এবং বিশ্বজুড়ে থাকা সব ভক্তদের সঙ্গে শোক প্রকাশ করছি।’ 


বিজ্ঞাপন


সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্যাথরিন ও’হারাকে কৌতুক এবং হৃদয়ের জন্য একটি বিরল উপহারসহ প্রিয় কানাডিয়ান আইকন হিসেবে অভিহিত করেছেন। জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে হাসিয়েছেন।’

১৯৫৪ সালের ৪ মার্চ জন্মগ্রহণ করেন ক্যাথরিন ও’হারা এবং টরন্টোতে বেড়ে উঠেন। মা-বাবার সাত সন্তানের মধ্যে ষষ্ঠ ছিলেন তিনি। ১৯৭৪ সালে টরন্টোর ‘দ্য সেকেন্ড সিটি’ নামক ইম্প্রোভাইজেশনাল থিয়েটার ট্রুপের একজন কাস্ট সদস্য হিসেবে অভিনয় জীবন শুরু করেন।  

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যানিমেটেড সিনেমা ও সিরিজে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে অন্যতম ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’-এ স্যালি, ‘দ্য ওয়াইল্ড রোবট’-এ পিঙ্কটেল, ‘এলিমেন্টাল’-এ ব্রুক রিপল এবং ‘ফ্রাঙ্কেনউইনি’।  

সম্প্রতি সেথ রোজেনের ২০২৫ সালের হলিউড স্যাটায়ার সিরিজ ‘দ্য স্টুডিও’র কাস্টে হলিউড ফিল্ম স্টুডিওর বহিস্কৃত প্রধান প্যাটি লেই চরিত্রে যোগ দিয়েছিলেন। ২০২০ সালের সেরা কমেডি অভিনেত্রীর জন্য এমি পুরস্কার পান। মৃত্যুকালে স্বামী বো ওয়েলচ এবং দুই ছেলে সন্তান রেখে গেছেন এ অভিনেত্রী। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর