রিয়্যালিটি শোতে বিচারকদের চুলচেরা বিশ্লেষণ আর দর্শকদের ভোটে যে প্রতিযোগী এগিয়ে থাকেন তার মাথায় ওঠে শ্রেষ্ঠত্বের মুকুট। তবে ক্যারিয়ারে সাফল্যের দৌড়ে কি সবসময় বিজয়ীরাই এগিয়ে থাকেন? ইতিহাসের পাতা উল্টাতে দেখা যায় ভিন্ন চিত্র। অরিজিৎ সিং, নেহা কক্করসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পী আছেন যারা রিয়্যালিটি শোতে হেরে গেলেও নিজেদের প্রতিভার ডানায় ভর করে শিখরে পৌঁছেছেন।

বিজ্ঞাপন
অরিজিৎ সিং
সম্প্রতি প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরিজিৎ। ২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। যদিও সেখানে বিজয়ী হননি। সেরা ছয়ে শেষ হয়েছিল তার যাত্রা। কাজী তৌকির এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতায় জিতেছিলেন। ‘ফেম গুরুকুল’ থেকে লাইমলাইট না পেলেও ছয় বছরের মাথায় জনপ্রিয়তার দিক থেকে বিজয়ীদের ছাড়িয়ে যান।
নেহা কক্কর
বিজ্ঞাপন
নেহা কক্কর বলিউডের জনপ্রিয় গায়িকা। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্লেব্যাক গায়িকাদের মধ্যে একজন তিনি। ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘ইন্ডিয়ান আইডল ২’-এর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন। তার সুরের মূর্ছনা ছুঁয়ে গিয়েছিল সংগীতপ্রেমীদের। কিন্তু ট্রফি ছিল অধরা। সম্প্রতি বছরগুলোতে তাঁকে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে দেখা যায়।

বিশাল মিশ্রা
ক্যারিয়ারের শুরুতে দুইবার ‘ইন্ডিয়ান আইডল’ রিয়্যালিটি শোতে অংশ নিয়েও মূল পর্বে জায়গা করতে পারেননি। তিনিই আজ তরুণদের একজন প্রিয় গায়ক। প্রতিযোগিতা থেকে দুইবার ছিটকে গেলেও হতাশ হননি বিশাল মিশ্রা। শাহেদ কাপুর ‘কবির সিং’ ছবির গান তাঁর ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ ছবির ‘সন্দেশে আতে হ্যায়’ রিমেক করেছেন এই গায়ক।
জুবিন নটিয়াল
রিয়্যালিটি শো ‘এক্স ফ্যাক্টরে’র মাধ্যমে প্রথম আলোচনায় আসেন জুবিন নটিয়াল। কিন্তু অনুষ্ঠানের বিচারক সোনু নিগমকে মুগ্ধ করতে ব্যর্থ হন তিনি। সেরা ২৫-এ থমকে যায় তার সংগীত প্রতিযোগিতা। শুরুতেই আসর থেকে ছিটকে পড়েন তিনি। বর্তমানে জীবনে ক্যারিয়ারে মধ্যগগনে। তার অর্জনের খাতায় রয়েছেন অসংখ্য হিট গান।

মোনালি ঠাকুর
মোনালি ঠাকুরও এক সময় ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী ছিলেন। কিন্তু চূড়ান্ত পর্বের আগেই তিনি বাদ পড়ে যান। নবম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গায়িকাকে। ‘মোহ মোহ কে ধাগে’, ‘সাওয়ার লু’-এর মতো হিট গানের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন। ২০১৫ সালে ‘মোহ মোহ কে ধাগে’ গানটির জন্য জাতীয় পুরস্কার পান এই গায়িকা।
রাহুল বৈদ্য
‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১-এর গায়ক রাহুল বৈদ্য। সেবার দ্বিতীয় রানার-আপ হয়ে শেষ করেছিলেন। প্রতিযোগীতা না জিততে পারলেও ক্যারিয়ারে সাফল্যের দেখা পেতে দেরি হয়নি। একক অ্যালবাম দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।
ইএইচ/

