অনেকেই অভিনেতা হন কিন্তু খুব কম মানুষই নিজের প্রিয় তারকার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পান। এবার প্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছোটপর্দার আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। সামাজিকমাধ্যমে নিজের অনুভূতির কথা তুলেছেন এ অভিনেতা।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে শামীম লিখেছেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সাথে একসাথে দাঁড়িয়ে অভিনয় অভিনয়, এটা অভিনেতা হওয়ার পরেও আমার স্বপ্নই ছিল। আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হয়েছে।’
এরপর তিনি যোগ করেন, ‘দারুণ কিছু হবে ইনশাআল্লাহ! আমি সৌভাগ্যবান, আমি যার ভক্ত তার সাথে দাঁড়াতে পেরেছি।’
মোশাররফ করিমের অভিনয়শৈলী, উপস্থিতি আর প্রজ্ঞা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন শামীম। অভিনেতার ভাষ্য, ‘মোশাররফ করিম একজনই। অভিনয় মুগ্ধ হয়ে উপভোগ করেছি।’
অভিনেতার পোস্টে নির্মাতা সোহেল হাসানের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়েছে। তিনি লেখেন, ‘সোহেল হাসান ভাই কৃতজ্ঞতা জানাই আমাকে সুযোগ করে দাওয়ার জন্য!’ পোস্টের শেষে একটি লাল হার্ড যুক্ত করেছেন অভিনেতা।
শামীমের স্বপ্ন পূরণের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘দারুন ব্যাপার ভাই। দেখার অপেক্ষায়...।’ অন্য একজন লিখেছেন, ‘অভিনন্দন ভাই, সব স্বপ্ন পূরণ হোক।’ আরও একজন লিখেছেন, ‘খুব ভালো লাগলো। আপনার জন্য আন্তরিক শুভকামনা রইল।’
ইএইচ/




