গল্পের প্রয়োজনে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলতে হয় অভিনয়শিল্পীদের। ঘনিষ্ঠ দৃশ্যতেও হাজির হতে হয়। তবে ক্যামেরায় ঘনিষ্ঠ হওয়ার সময় সঙ্গে পেঁয়াজ খেতেন বলিউড অভিনেতা সুনীল দত্ত।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছিলেন বি-টাউনের এক সময়ের লাস্যময়ী অভিনেত্রী সায়রা বানু। কেননা শুধু তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সময়ই এক প্লেট পেঁয়াজ রাখতেন সুনীল।

তিনি বলেছিলেন, ‘‘উনি ভীষণ দুষ্টু ছিলেন, রসিক প্রকৃতির ছিলেন। খালি বলতেন, দেখুন কমেডি ছবিতে লোকে আমাদের নিচ্ছে। এবার আমাদের প্রেমের ছবি করা উচিত। যখন ‘নহলে পে দহেলা’-তে জুটি বাঁধলাম, তখন প্রেমের দৃশ্যের আগে বলতেন, এক প্লেট করে পেঁয়াজ আনো। এবার আমরা প্রেম করব যে! আসলে এতটাই দুষ্টু ছিলেন, সারাক্ষণ এ সব বুদ্ধি খেলত তাঁর মাথায়।’’
সায়রার স্বামী দিলীপ কুমার ও সুনীল বন্ধু ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা আড্ডায় মেতে থাকতেন তারা। ‘নহলে পে দহেলা’ সিনেমার আগে সায়রা বানুর সঙ্গে ‘পড়োশন’-এ জুটি বেঁধেছিলেন। বেশ জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি।




