বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

অনন্ত জলিল এবার ‘মাসুদ রানা’ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম

শেয়ার করুন:

অনন্ত জলিল এবার ‘মাসুদ রানা’ 

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনর অমর সৃষ্টি ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ পরবর্তী চলচ্চিত্র ‘চিতা’ নির্মাণ করতে যাচ্ছে। সিনেমাটিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। তার নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। ছবিটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। 

গতকাল বুধবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় ‘চিতা’র মহরত। সেখানেই ছবির পরিচালক ও অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভক্তের টানে বগুড়া যাচ্ছেন অনন্ত জলিল

এ সময় অনন্ত জলিল বলেন, ‘‘মাসুদ রানা সিরিজে কাজ করা আমার স্বপ্ন ছিল। যখন দেশে থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত বাংলার জেমস বন্ড। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।’’

এ ছবিতে নায়িকা হিসেবে বর্ষা ছাড়াও অভিনয় করবেন আলিশা ইসলাম। তাকে নিয়ে জাজের কর্ণধার আজিজ বলেন, ‘আলিশা যেমন এ ছবিতে তার চরিত্রও তেমন। সে থাইল্যান্ডে লেখাপড়া করে। তার বাবা একজন বিজ্ঞানী। ছবিটির গল্প বাংলাদেশের একজন বিজ্ঞানীকে ঘিরে।’ 

আরও পড়ুন: বানভাসিদের ৩০ লাখ টাকা দেবেন অনন্ত জলিল


বিজ্ঞাপন


ছবিটিতে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নাদের চৌধুরী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সান্জু জন। এছাড়া দেশ-বিদেশের একঝাঁক অভিনয়শিল্পী থাকবেন। 

‘চিতা’ র শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

এর আগে জাজ মাসুদ রানাকে নিয়ে নির্মাণ করেছিল এমআর নাইন নামের একটি ছবি। সেখানে মাসুদ রানা চরিত্রে ছিলেন এবিএম সুমন। বিশাল বাজেটে নির্মিত হয়েছিল ছবিটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর