এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে। ১১ ও ১২ ফেব্রুয়ারিতে ফল প্রকাশ করতে চায় বোর্ড। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে বলে জানা যায়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। রীতি অনুযায়ী পাবলিক পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেটিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
বিজ্ঞাপন
জানা যায়, ফলাফল প্রকাশে দিন সকাল ১০টা মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এ পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এদিন দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মোবাইল ফোনে এসএমএস করে ফলাফল জানা যাবে।
এ বছর ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৯৪ হাজার ৭৬৩। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ২২ হাজার ৯৩১ জন।
গত বছরের ৬ নভেম্বর শুরু হয় এই পরীক্ষা। যা চলে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএস/জেবি




