রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাইয়ের আহ্বায়ক রফিক ও সদস্যসচিব ফরাজী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

জবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাইয়ের আহ্বায়ক রফিক ও সদস্যসচিব ফরাজী
রফিকুল ইসলাম রফিক ও আবুল খায়ের ফরাজি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র চূড়ান্তকরণ ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিভাগের ২০০১-২০০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল খায়ের ফরাজীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

বিভাগের এক বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাকি ৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন শিক্ষাবর্ষের অ্যালামনাইরা অংশ নেন।

সভায় পরিসংখ্যান বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। উপস্থাপিত এই খসড়া গঠনতন্ত্রের ওপর উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের মতামত ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।

সভায় সংগঠনের সার্বিক গঠন, ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা ও গঠনতন্ত্রের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই খসড়া গঠনতন্ত্র চূড়ান্তকরণ এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে এই আহ্বায়ক কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

কমিটির লক্ষ্য ও পরিকল্পনা প্রসঙ্গে আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। বয়স, ব্যাচ কিংবা অবস্থানের পার্থক্য ভুলে সবাই যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং একে অপরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে বিভাগের সামগ্রিক উন্নয়নে কাজ করতে পারেন এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই সংগঠনের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, একই সঙ্গে আহ্বায়ক কমিটি হিসেবে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই আমাদের প্রথম ও প্রধান কাজ।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর