শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাবিতে পরীক্ষায় অসদুপায়, ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

রাবিতে পরীক্ষায় অসদুপায়, ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার। এর মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২।

তিনি বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শৃঙ্খলা কমিটির অভিযোগের ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীর দুই বছরের এবং ১১ শিক্ষার্থীর এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে শিক্ষার্থীদের কোনোভাবেই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। বরং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।

উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর