ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্বিবিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদুল হক তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে মোট ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষাসংক্রান্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিলসহ বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শাস্তিপ্রাপ্তরা হলেন- ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ৫ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ জন, লোকপ্রশাসন বিভাগের ৩ জন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২ জন, আল ফিকহ এন্ড ল বিভাগের ২ জন এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, চারুকলা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, সমাজ কল্যাণ, আইন ও ভূমি প্রশাসন, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জি নিয়ারিং বিভাগের এক জন করে মোট ২৪ শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের শাস্তি পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫ ধারা অনুযায়ী উক্ত পরিক্ষার্থীদের চলতি সেমিস্টার এবং কারো কারো পরবর্তী সেমিস্টারের পরিক্ষা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদুল হক তালুকদার বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ২৪ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এটা পরিববর্তন করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই।’




