চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি।
আগামী ২৯ নভেম্বর (রোববার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে এই মিছিল শুরু হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে মৌন মিছিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটে চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষকসমাজের মধ্য থেকে একজন যোগ্য প্রকৌশল শিক্ষাবিদকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।
এ কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সমিতি। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কোনো কর্মসূচি কিংবা এ ধরনের কর্মসূচিকে শিক্ষক সমিতি সমর্থন করে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর চুয়েটে অচলাবস্থার সূত্রপাত হয়। ওই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এর পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে যোগ দেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝোলানোসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন।
পরবর্তী সময়ে অচলাবস্থা নিরসনে নানা উদ্যোগ নেওয়া হলেও উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান হয়নি। দীর্ঘ বিরতির পর গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে ক্লাস শুরু করেন। পরে ১৫ নভেম্বর থেকে নিয়মিত পরীক্ষায়ও অংশ নিতে শুরু করেন তারা।
এদিকে, গত ২৫ নভেম্বর অচলাবস্থা নিরসনে নিজেদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন প্রস্তাব দেয় চুয়েট শিক্ষক সমিতি। এতদিন সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে এলেও এবার বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন শিক্ষক নেতারা।
তাদের বক্তব্য, সরকার চাইলে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েটের অন্য কোনো শিক্ষককেও উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারে। তবে যাকেই নিয়োগ দেওয়া হোক, তিনি যেন চুয়েটের নিজস্ব শিক্ষক হন—এটাই তাদের মূল দাবি।
এম/এএম




