বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চবির শহীদ ফরহাদ হলে ৪ শিক্ষার্থীর সিট বাতিল

জেলা প্রতিনিধি, চবি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চবির শহীদ ফরহাদ হলে ৪ শিক্ষার্থীর সিট বাতিল

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের অভ্যন্তরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন একটি সভা করে। সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে চার শিক্ষার্থীর সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ইকরা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজ নূর সাইমুন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাওন খান।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম জানান, বুধবার থেকে ওই শিক্ষার্থীদের হলের আবাসিক সুবিধাসহ সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা বাতিল করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের কক্ষ ছেড়ে হল প্রশাসনের কাছে চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় চবির প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসনের যৌথ অভিযানে শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

এ সময় কক্ষটি থেকে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। তাদের মধ্যে চারজন হলের আবাসিক শিক্ষার্থী এবং বাকি চারজন অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর