সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের সময়সীমা বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের সময়সীমা বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুদিন বাড়ানো হচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বৃদ্ধি করা হবে।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটই আবেদনের শেষ সময় হিসেবে বহাল রয়েছে।

আবেদন ছাড়িয়েছে দুই লাখ

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত ১২ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৩৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সূচি

বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো—

আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর

বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর

চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর

ভর্তি আবেদনসহ বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর