দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি নিশ্চিত করার পাশাপাশি বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ট্রাস্টের এক চিঠিতে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য সর্বজনীন বা শতভাগ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের কাছে অর্থ পৌঁছে দিতে সরকার-টু-পারসন (জি-টু-পি) পদ্ধতি অনুসরণ করা হবে। এ জন্য শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
নির্দেশনা অনুযায়ী, যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যেসব ছাত্রীর নাম এখনো কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়নি এবং যারা উপবৃত্তি পাচ্ছে না, শুধু তাদের অথবা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।
শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির মধ্যে যেকোনো একজন অভিভাবক হতে পারবেন। বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করেই উপবৃত্তির অর্থ নেওয়া যাবে। প্রয়োজনে নতুন হিসাবও খোলা যাবে।
বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে অনুমোদিত অন্য অভিভাবকের নাম উল্লেখ করে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতে হবে।
কোনো শিক্ষার্থীর বাবা-মা, আপন ভাই-বোন, দাদা-দাদি ও নানা-নানির কেউই জীবিত না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অন্য একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করে প্রত্যয়নপত্র দেবেন। উপবৃত্তির তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা নিজেদের নামে যেকোনো তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ নিতে পারবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষেত্রে বাবা অথবা মায়ের অন্তত একজন জীবিত থাকতে হবে। এ ক্ষেত্রে তাদের মধ্যে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে। হিসাব খোলার সময় অভিভাবকের এনআইডি ব্যবহার করে সিম নিবন্ধন করতে হবে এবং একই ব্যক্তির এনআইডি দিয়ে তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ, বাবার এনআইডি দিয়ে সিম নিবন্ধন করা হলে বাবার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
এ ছাড়া হিসাব খোলার সময় কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। এসব নিয়মের ব্যত্যয় হলে জি-টু-পি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীর নামে খোলা স্কুল ব্যাংকিং হিসাবের ক্ষেত্রেও বয়সসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ অবস্থায় শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ব্যাংক হিসাবটি হালনাগাদ করতে হবে।
চিঠিতে সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির সুযোগের কথাও জানানো হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রদত্ত ইআইআইএন নম্বর রয়েছে, সেগুলো এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবে।
এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরমসহ প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের ক্ষেত্রে স্কিমভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘Forgot Password’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। একই সঙ্গে ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি অবহিত করার পাশাপাশি ব্যাংক হিসাব খোলা ও এ-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবেও উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
এমএইচ/এআরএম




