ওষুধ শরীরে কতটা কার্যকর, নির্ধারিত মাত্রায় তা কতটা কাজ করে কিংবা ব্যবহারে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে—এসব প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর খুঁজতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনসাইট ল্যাব’। এখানে গবেষণার মাধ্যমে ওষুধের কার্যকারিতা, ক্ষমতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে প্রতিষ্ঠিত এ ল্যাব ওষুধ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওষুধের কার্যকারিতা, স্বাস্থ্যঝুঁকি, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে ল্যাবটি ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন পেয়েছে। কৃষি অনুষদে অবস্থিত ইনসাইট ল্যাবের অধীনে প্রতিষ্ঠিত বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, এখানে টক্সিকোলজিক্যাল প্যাথলজি, অ্যানিমেল হাজবেন্ড্রি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রিসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে টক্সিকোলজিক্যাল প্যাথলজিতে অধ্যাপক ড. মো. গোলবার হোসেন, অ্যানিমেল হাজবেন্ড্রিতে ড. শরীফুল ইসলাম, অ্যানাটমিতে ড. শাহ মো. আব্দুর রউফ, মাইক্রোবায়োলজিতে ড. মোছা. ইসমত আরা বেগম এবং বায়োকেমিস্ট্রিতে ড. ফরহাদুল ইসলাম রয়েছেন। এ ছাড়া দুই এমফিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রিফায়েত করিম ল্যাবে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।
ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. গোলবার হোসেন বলেন, কোনো ওষুধ বাজারজাত করার আগে প্রাণীদেহে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রি-মার্কেটিং পরীক্ষা করাই এ ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ওষুধের কার্যকারিতার পাশাপাশি এতে কোনো বিষক্রিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, তাও পরীক্ষা করা যাবে। মূলত ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। সেই ফলাফলের ভিত্তিতে কর্তৃপক্ষ ওষুধ বাজারজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া কোনো ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম কি না এবং তৈরি করলে তা কত দিন রোগ প্রতিরোধে কার্যকর থাকে, সেটিও এ ল্যাবে পরীক্ষা করা যাবে।
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. কে এম মোজাফফর হোসেন বলেন, উত্তরাঞ্চলে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে, যারা ওষুধ পরীক্ষার জন্য ল্যাবের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করছে। ল্যাবটি যথাযথভাবে স্থাপন করা গেলে এসব কোম্পানিকে আর ঢাকায় যেতে হবে না। তারা এখানেই ওষুধ পরীক্ষা করে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আশা করি, ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে। বিশেষ করে করোনাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ইনসাইট ল্যাবের মতো বায়োসেফটি লেভেল-২ (বিএসএল-২) ল্যাব না থাকায় প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা সম্ভব হয়নি। বিএসএল ল্যাবের কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারলে ভবিষ্যতে করোনার মতো মহামারিসহ নতুন ও উদীয়মান রোগের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আরও সুযোগ তৈরি হবে।
প্রতিনিধি/এসএস




