বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

জবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
জবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাঁকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নেওয়ার পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ছাত্রলীগ নেতা শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিভাগে এসেছিলেন শাকিল। এ সময় তথ্য পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা তাঁকে আটকে বাধা দেন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর মোবাইল ফোনও জব্দ করেন উপস্থিত নেতাকর্মীরা।

শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড তাঁর মাধ্যমে পরিচালিত হয় বলে অভিযোগ করেন তাঁরা। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি তাঁদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাছির আহমাদ বলেন, ‘ওই ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা । পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে অাসলে কে। পরে এটা জানতে পারলাম, সে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক দেখার পরে আমরা তো তার নিরাপত্তা বিধান নিশ্চিত করা দরকার, এজন্য আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং পুলিশের হেফাজতে আমরা সোপর্দ করেছি।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর