জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ হাজার ৪৭৯ জন নিয়মিত ছাত্রীর জন্য কমনরুম রয়েছে মাত্র দুটি। শুধু কক্ষের সংখ্যাই নয়, বিদ্যমান কমনরুমগুলোতেও পর্যাপ্ত আসন, স্বাস্থ্যকর ওয়াশরুম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। পাশাপাশি ডে-কেয়ার সেন্টারে জনবল ও জায়গার সংকট এবং ব্রেস্টফিডিংয়ের জন্য নির্দিষ্ট সুবিধা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে, ক্লাসের ফাঁকে বিশ্রাম, ব্যক্তিগত প্রয়োজন মেটানো কিংবা সন্তানকে নিরাপদে রাখার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন ছাত্রীরা।
গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রকাশিত নিয়মিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৭৯। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ দফতর সূত্রে জানা গেছে, ছাত্রীদের জন্য একটি কমনরুম শহীদ সাজিদ ভবনে এবং অন্যটি বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থিত।
ছাত্রীরা অভিযোগ করে বলেন , বিশেষ করে সকালে ক্লাস চলাকালে কক্ষ দুটি অতিরিক্ত ভিড়ে পরিপূর্ণ থাকে। প্রয়োজনের সময় বসার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্রামের জন্য তৈরি করা কক্ষগুলোই তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুসনে আরা বলেন, জায়গা কম থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। টয়লেটগুলো অপরিচ্ছন্ন এবং নিয়মিত ব্যবহারের উপযোগী নয়। কোনো ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই।
শহীদ সাজিদ ভবনের কমনরুমটি ১৩ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নিচতলায় অবস্থিত। ফলে ওপরের তলাগুলোতে ক্লাস করা ছাত্রীদের প্রয়োজন হলে নিচে আসতে হয়। বিশেষ করে ক্লাসের বিরতি কম থাকলে কিংবা জরুরি প্রয়োজনে এটি বাড়তি ভোগান্তি তৈরি করে।
কক্ষটিতে দুটি টেবিল ও প্রায় ৮০টি চেয়ার রয়েছে। তবে এর পাশের বারান্দার চারদিকে জমে থাকা ময়লা ও স্যানিটারি ট্যাংকের কারণে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সেখান থেকে দুর্গন্ধও ছড়ায়। কক্ষটির পাশের সাতটি ওয়াশরুমের মধ্যে দুটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি পাঁচটির অবস্থাও ভালো নয়।
পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করা লেশমি দাস বলেন, পুরোনো টাইলসে স্থায়ী দাগ পড়ে যাওয়ায় পরিষ্কার করা কঠিন হয়ে পড়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থী ব্যবহার করায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া হক বলেন, নিচতলায় কক্ষটি অবস্থিত হওয়ায় অনেক শিক্ষার্থী প্রয়োজন থাকা সত্ত্বেও সেখানে যেতে পারেন না। আবার শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কক্ষটি ছোট এবং প্রয়োজনীয় সুবিধাও অপর্যাপ্ত।
বিজ্ঞান অনুষদ ভবনের কমনরুমেও একই ধরনের সমস্যা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, কক্ষটির পর্দাগুলো পুরোনো ও ময়লাযুক্ত। চেয়ার-টেবিলের কয়েকটি ভাঙা এবং ব্যবহারের অনুপযোগী। শিক্ষার্থীরা জানান, ভাঙা আসবাবের কারণে অনেক সময় তাদের পোশাক ছিঁড়ে যায়। কক্ষটিতে প্রায় ৫০টি চেয়ার রয়েছে, যা ব্যবহারকারীর সংখ্যার তুলনায় অপ্রতুল। পাশে রয়েছে দুটি ওয়াশরুম।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজা আক্তার বলেন, শিক্ষার্থীর তুলনায় বসার জায়গা খুবই কম। ওয়াশরুমগুলোও ব্যবহারের উপযোগী নয়।
শুধু কমনরুমের সংখ্যাই নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনেও এ সুবিধার ঘাটতি রয়েছে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ভাষাশহীদ রফিক ভবনে ছাত্রীদের জন্য কোনো সাধারণ কক্ষ নেই। ফলে এসব ভবনে ক্লাস করা শিক্ষার্থীদের ক্লাসের বিরতিতে বিশ্রাম নেওয়া কিংবা ব্যক্তিগত প্রয়োজন মেটানোর উপযুক্ত জায়গা খুঁজতে হয়।
বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট ঘুরে দেখা গেছে, একমাত্র সমাজকর্ম বিভাগেই ছাত্রীদের জন্য আলাদা সাধারণ কক্ষ রয়েছে। তবে সেটিও বারান্দার একটি অংশে তৈরি। সেখানে একসঙ্গে পাঁচ থেকে ছয়জনের বেশি শিক্ষার্থী বসার সুযোগ নেই।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে বিভাগের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে জায়গাটি তৈরি করা হয়েছে। এর রক্ষণাবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও অতিরিক্ত জনবল চাওয়া হলেও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি।
এদিকে, ছাত্রীদের জন্য দুটি কমনরুম থাকলেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য নির্ধারিত কোনো সাধারণ কক্ষ নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আকাশ বলেন, মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্যও কমনরুম থাকা প্রয়োজন। অনেক শিক্ষার্থী খুব ভোরে দূর থেকে ক্লাস করতে এসে বিকেলে বাসায় ফেরেন। পোশাক পরিবর্তন, বিশ্রাম ও অন্যান্য প্রয়োজনে ছেলেদের জন্যও একটি কমনরুম দরকার।
ডে-কেয়ারেও জনবল ও সুবিধার সংকট
বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারেও দীর্ঘদিন ধরে জনবল, পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট রয়েছে। কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, আগে সেন্টারটিতে প্রায়ই শিশুদের উপস্থিতি থাকত। তবে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে শিশুদের আসা কমে গেছে। বর্তমানে সেখানে ২ থেকে ১২ বছর বয়সী শিশুরা রয়েছে।
দুই বছরের কম বয়সী শিশুদের ডে-কেয়ারে রাখার ওপর নিষেধাজ্ঞা জারির পর থেকেই শিশুর সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন সেন্টারের কর্মচারীরা। এ ছাড়া ডে-কেয়ারে সন্তান রাখার সুযোগ সম্পর্কে অধিকাংশ শিক্ষার্থী অবগত নন। অনেকে সন্তানের অযত্নের আশঙ্কায় সন্তানকে সঙ্গে নিয়েই ক্লাস করছেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ব্রেস্টফিডিং সেন্টার বা কর্নার চালু রয়েছে কি না, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কমনরুমের এক প্রান্তে থাকা নামাজের জায়গাটি ছাত্রীরা প্রয়োজনে ব্যবহার করেন।
প্রশাসন যা বলছে
পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাইলে ছাত্রকল্যাণ দফতরের পরিচালক ড. মাহাতি হাসান জুয়েল বলেন, দফতরে পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারক করা কঠিন। অন্যান্য দায়িত্বের পাশাপাশি অনুরোধের প্রেক্ষিতে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া দুটি কমনরুমে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য দুজন অফিস সহকারী দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ওয়াশরুমের বিভিন্ন সরঞ্জাম, মেরামত ও রক্ষণাবেক্ষণের বিষয়টি মূলত বাজেট বরাদ্দের ওপর নির্ভরশীল। ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের জন্য জরুরি তহবিল বা নগদ তহবিল চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
নতুন কমনরুম স্থাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান ক্যাম্পাসে জায়গার তীব্র সংকট রয়েছে। নতুন শ্রেণিকক্ষের জন্য জায়গা বরাদ্দ করাও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নতুন ভবন বা অন্য কোনো স্থানে অতিরিক্ত সাধারণ কক্ষ স্থাপনের তাৎক্ষণিক সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকল্যাণ দফতর ও প্রকৌশল দফতরের কাছ থেকে বিস্তারিত লিখিত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে। ব্রেস্টফিডিং ও ডে-কেয়ার সেন্টার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কক্ষ স্থাপন, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং ছাত্রদের জন্য সাধারণ কক্ষ তৈরির বিষয়গুলো বর্তমান পরিস্থিতিতে কঠিন। তবু সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
ছাত্রীদের সংখ্যা বাড়লেও তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা সেই অনুপাতে বাড়েনি। কমনরুমের স্বল্পতা, অপর্যাপ্ত ওয়াশরুম, পরিচ্ছন্নতার ঘাটতি এবং ডে-কেয়ারের সীমাবদ্ধতা মিলিয়ে দীর্ঘদিনের এই সংকট এখন শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে বিদ্যমান সুবিধাগুলোর উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/এফএ




