মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদরাসার শিক্ষার্থীদের সাহিত্যচর্চা বাড়াতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

মাদরাসার শিক্ষার্থীদের সাহিত্যচর্চা বাড়াতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

মাদরাসার শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, আদর্শ ও দর্শন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় মনোযোগী হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সৃষ্টিকর্মের মাধ্যমে শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি কেবল একজন কবি ছিলেন না, বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক। তাঁর সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ, চেতনা ও দর্শন ধারণ করা প্রয়োজন।

‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা প্রসঙ্গে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের অপরিসীম গুরুত্ব বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছিলেন।

মাদরাসাশিক্ষার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ফাজিল ডিগ্রি ও কামিলকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সমমান প্রদান এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ তাঁর সরকারের সময় নেওয়া হয়েছিল। ধর্ম ও ইসলামের প্রতি খালেদা জিয়ার অনুরাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার সব সময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং কোষাধ্যক্ষ শাহিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী পাঁচটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর