জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক-কর্মকর্তাসহ চারজনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মন্ডল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দফতরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক জুনায়েদ শেখ। আটক আরেক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন অপতৎপরতায় জড়িত রয়েছেন, এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এরই ধারাবাহিকতায় সোমবার নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরে অভিযান চালান। অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এমন ব্যক্তিরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে তাদের শনাক্ত ও আটক করা হয়।
অভিযানের একপর্যায়ে বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার অভিযোগে কক্ষটি ঘেরাও করেন নেতাকর্মীরা। এ ছাড়া আটক ব্যক্তিদের বিভিন্ন বিভাগ থেকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আসার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নাসির আহমাদ বলেন, ‘বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। যারা ক্যাম্পাসে এ ধরনের নাশকতা বা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গেও কথা হয়েছে। ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে হবে। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব। তবে ক্যাম্পাসের শৃঙ্খলা নষ্ট করা যাবে না। শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, সবাই ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখবেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো তৎপরতার অভিযোগ থাকলে তা লিখিতভাবে দিতে হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তবে সবকিছু প্রমাণের ভিত্তিতে এবং আইন অনুযায়ী হতে হবে।’
অন্যদিকে, শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ জন্য সংগঠনটির কমিটি, সক্রিয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকাও প্রশাসনের কাছে জমা দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসআই




